‘অকারণ সমস্যা তৈরি করছেন, খুব পীড়াদায়ক’—অভিষেকের আইনজীবীকে কড়া সতর্কবার্তা হাইকোর্টের!

বিচারব্যবস্থা সম্পর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। এই ধরনের মন্তব্যের জেরে তিনি অকারণ সমস্যা তৈরি করছেন এবং বিষয়টি অত্যন্ত পীড়াদায়ক বলে অভিষেকের আইনজীবীকে কড়া বার্তা দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। পাশাপাশি অভিষেক সংযত না হলে আদালত যে স্বতঃপ্রণোদিত মামলা করতে পারে, সে বিষয়টিও স্পষ্ট করে মনে করিয়ে দিয়েছেন বিচারপতি।
তবে বিচারব্যবস্থা নিয়ে মন্তব্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেও এ দিন ‘ডিজে মন্তব্য’ মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে দিয়েছে হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত এই মামলায় তাঁর রক্ষাকবচ বজায় থাকবে।
এ দিন মামলার শুনানি চলাকালীন বিচারব্যবস্থা নিয়ে অভিষেকের সাম্প্রতিক অবস্থান ও মন্তব্য আদালতের নজরে আনেন রাজ্য সরকারের অ্যাডোকেট জেনারেল রাজদীপ মজুমদার। তিনি জানান, সম্প্রতি বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আক্রমণ করেছেন অভিষেক। অ্যাডোকেট জেনারেলের দাবি, অভিষেকের আপ্তসহায়ক তথা ঘনিষ্ঠ সুমিত রায়ের রক্ষাকবচের আর্জি হাইকোর্টে খারিজ হওয়ার পরই সমাজমাধ্যমে পোস্ট করে বিচারব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই প্রেক্ষাপটেই অভিষেকের আইনজীবীকে সতর্ক করে কড়া পর্যবেক্ষণ দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।