যাদবপুরে নিয়োগ নিয়ে বিস্ফোরক মোড়: উপাচার্যের সিদ্ধান্তে বেজায় চটে চিঠি ১৫ সদস্যের!

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ফিনান্স অফিসার পদে নিয়োগ ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। নিয়োগ প্রক্রিয়ায় ফের নতুন বিজ্ঞাপন প্রকাশের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন এক্সিকিউটিভ কাউন্সিল (ইসি) সদস্য। তাঁদের অভিযোগ, এই পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮১ এবং ৪ সেপ্টেম্বরের ইসি বৈঠকের সিদ্ধান্তের পরিপন্থী। যদিও উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের দাবি, নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজ বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও নিয়ম মেনেই করা হচ্ছে।

নতুন বিজ্ঞাপন নিয়ে আপত্তি রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার পদে নিয়োগের জন্য সম্প্রতি ফের বিজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়ে উপাচার্যকে চিঠি দিয়েছেন ১৫ জন ইসি সদস্য। তাঁদের বক্তব্য, গত ৪ সেপ্টেম্বরের ইসি বৈঠকে দুই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই পদের জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি আবেদন জমা পড়েছিল বলেও দাবি তাঁদের।

ইসি সদস্যদের অভিযোগ, আগে জমা পড়া আবেদনগুলোর ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নিয়ে না গিয়ে নতুন বিজ্ঞাপন প্রকাশের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় আইন এবং ইসি-র প্রস্তাবের বিরোধী। তাঁদের আশঙ্কা, এর ফলে পুরো নিয়োগ প্রক্রিয়া অযথা দীর্ঘায়িত হতে পারে।

কী বললেন উপাচার্য? এই বিতর্কের প্রেক্ষিতে একটি বিবৃতিতে উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য জানান, সংশ্লিষ্ট নির্বাচন কমিটির সদস্যরাই প্রযোজ্য নিয়ম ও পদ্ধতি মেনে নতুন করে বিজ্ঞাপন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রয়োজন হলে নির্ধারিত নিয়মে বিষয়টি পরবর্তী বৈঠকে ইসি-র অনুমোদনের জন্য তোলা হবে বলেও জানান তিনি।

উপাচার্যের দাবি, আগে পাওয়া আবেদনগুলোর ভিত্তিতেই সাক্ষাৎকার নিতে হবে—এমন কোনও বাধ্যতামূলক সিদ্ধান্ত ইসি নিয়েছিল বলে যে দাবি করা হচ্ছে, তা বৈঠকের প্রকৃত নথিভুক্ত সিদ্ধান্তের সঙ্গে মেলে না। তাঁর বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও পরিচালন সংক্রান্ত প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, নিয়ম মেনে চলা, জবাবদিহি এবং প্রাতিষ্ঠানিক রীতিনীতি বজায় রাখতে কর্তৃপক্ষ দায়বদ্ধ।

আইনের ধারা তুলে পাল্টা যুক্তি অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের এক সূত্রের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮১-এর ১১(১) এবং ১৩(১) ধারা অনুযায়ী নির্বাচন কমিটির কাজ হল নির্বাচিত প্রার্থীদের নাম ইসি-র কাছে সুপারিশ করা। নতুন বিজ্ঞাপন দেওয়ার মতো সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার নির্বাচন কমিটির নেই বলেই দাবি ওই সূত্রের।

ওই সূত্রের আরও অভিযোগ, ইসি-র সিদ্ধান্তের সঙ্গে বিরোধ তৈরি করে নির্বাচন কমিটি নতুন বিজ্ঞাপন দেওয়ার বিষয়ে কোনও কার্যকরী সিদ্ধান্ত নিতে পারে না এবং বাস্তবে তেমন কোনও কার্যকরী সিদ্ধান্ত তারা নেয়নি।