জনসভার মাঝেই মায়ের প্রয়াণের খবর! ৯১ বছর বয়সে চলে গেলেন যোগী আদিত্যনাথের মা

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মা সাবিত্রী দেবী ৯১ বছর বয়সে প্রয়াত হয়েছেন। উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়াল জেলার পঞ্চুর গ্রামে নিজের পৈতৃক বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পৌড়ির এসএসপি সর্বশ কুমার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই পঞ্চুর গ্রামেই জন্মগ্রহণ করেছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাবিত্রী দেবীর স্বামী আনন্দ সিং বিস্ত বন বিভাগে কর্মরত ছিলেন এবং ৮৯ বছর বয়সে ২০২০ সালের এপ্রিলে তাঁর মৃত্যু হয়।
মর্মান্তিক এই খবরটি এমন সময়ে আসে, যখন যোগী আদিত্যনাথ নিজের জেলা গোরক্ষপুরে একটি জনসভায় ভাষণ দিচ্ছিলেন। সভা শেষ হওয়ার পর উপদেষ্টা অবনীশ অবস্থী তাঁকে মায়ের প্রয়াণের কথা জানান। খবর অনুযায়ী, গোরক্ষপুর থেকেই সরাসরি পৈতৃক গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে মায়ের শেষ দর্শন সেরে লখনউ ফিরবেন মুখ্যমন্ত্রী। শনিবার ঋষিকেশের সম্পূর্ণানন্দ ঘাটে সাবিত্রী দেবীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা, যেখানে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ও উত্তরপ্রদেশ সরকারের একাধিক মন্ত্রী উপস্থিত থাকবেন। সাবিত্রী দেবীর চার ছেলে ও তিন মেয়ে রয়েছেন; ভাইদের মধ্যে আছেন মানেন্দ্র সিং, মহেন্দ্র সিং ও শৈলেন্দ্র মোহন এবং বোনেদের মধ্যে পুষ্পা দেবী, কৌশল্যা ও শশী দেবী।
১৯৭২ সালের ৫ জুন পঞ্চুর গ্রামে জন্ম নেওয়া অজয় সিং বিস্ত ১৯৯৪ সালে সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এবং গোরক্ষপীঠে মহন্ত অবৈধনাথের শিষ্য হন। সন্ন্যাস নেওয়ার পর পরিবারের সঙ্গে যোগাযোগ কমে এলেও মায়ের সঙ্গে তাঁর আত্মিক যোগ অটুট ছিল। ২০২২ সালের মে মাসে প্রায় ২৮ বছর পর পৈতৃক গ্রামে গিয়ে মা ও পরিবারের সঙ্গে দেখা করেন এবং রাতে সেখানে থাকেন যোগী। ২০২৪ সালের জুনে বয়সজনিত সমস্যায় এআইআইএমএস ঋষিকেশে ভর্তি থাকা মায়ের সঙ্গে প্রায় ২০ মিনিট দেখা করেন তিনি। সর্বশেষ ২০২৬ সালের মে মাসে দু’দিনের সফরে গ্রামে গিয়ে মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা ও মহাযজ্ঞে অংশ নেওয়ার পাশাপাশি মায়ের আশীর্বাদ নেন এবং প্রয়াত বাবার মূর্তিতে মাল্যদান করেন।
সাবিত্রী দেবীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মায়ের স্নেহ ও আশীর্বাদকে জীবনের অমূল্য সম্পদ উল্লেখ করে এই অপূরণীয় ক্ষতিতে যোগী আদিত্যনাথ ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।