দুধে ঘুমের ওষুধ ও বালিশ চাপা? শিলিগুড়িতে তরুণীর রহস্যমৃত্যুতে মা-বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ

শিলিগুড়ি পুরনিগমের ২৩ নম্বর ওয়ার্ডের ডাবগ্রাম এলাকায় এক তরুণীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতার নাম তানিশা ঘোষ (২৩)। পরিবারের তরফে তাঁর মা দীপশিখা ঘোষ এবং মায়ের বান্ধবী পলাশি দাসের বিরুদ্ধে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুনের অভিযোগ তোলা হয়েছে। ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন তানিশার মা। বৃহস্পতিবার রাতে ঘটা এই মৃত্যুর নেপথ্যে বড়সড় আর্থিক লেনদেন ও ঋণ সংক্রান্ত বিবাদ রয়েছে বলে দাবি করেছেন মৃতার বাবা ও দাদা। ইতিমধ্যেই মূল অভিযুক্তদের অন্যতম পলাশি দাসকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ডিসিপি রানা মুখোপাধ্যায় জানান, খুনের অভিযোগ দায়ের হয়েছে, দেহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে এবং রিপোর্ট থেকেই মৃত্যুর কারণ জানা যাবে; সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, তানিশার বাবা হারান ঘোষ পেশায় গাড়িচালক এবং দাদা দীপঙ্কর গাড়ি সংক্রান্ত কাজ করেন। দীর্ঘদিন ধরেই মানসিক অসুস্থতা ও খিঁচুনির সমস্যায় ভুগছিলেন তানিশা। বৃহস্পতিবার বিকেলে বাড়িতে পলাশি দাস এলে অশান্তি শুরু হয়। দাদা দীপঙ্কর ঘোষের অভিযোগ, সন্ধ্যার দিকে পলাশি মায়ের সঙ্গে দেখা করতে এলে মা তাঁকে নিজের ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন, তখন ঘরে তানিশাও ছিল। এরপর তিনি ভাইকে নিয়ে মাঠে চলে যান, বাবা কাজে বাইরে ছিলেন এবং বাড়িতে শুধু ঠাকুরমা ছিলেন। রাত ৯টা নাগাদ ঠাকুরমা গৌরী ঘোষ ফোন করে জানান, বৌমা দোকানে যাওয়ার কথা বলে বেরিয়ে বহুক্ষণ হলেও ফেরেননি। বাড়ি ফিরে বোনের ঘরে ঢুকে দীপঙ্কর দেখেন, বিছানার একপাশে মায়ের মোবাইল পড়ে আছে এবং কম্বল সরাতেই তানিশাকে অচৈতন্য অবস্থায় দেখেন—হাত-পা ঠান্ডা, ঠোঁট কালো ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঠাকুরমা গৌরী ঘোষের দাবি, সারাদিন তানিশা না ওঠায় তিনি বৌমাকে জিজ্ঞাসা করলে দীপশিখা জানান, মেয়ে সারারাত জ্বালিয়েছে বলে সকালে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে দিয়েছেন। এমনকি মাথার কাছে তুলসী পাতার ডাল রেখে শাড়ি বদলে দীপশিখা ঘর থেকে বেরিয়ে যান বলেও দাবি ঠাকুরমার। অন্যদিকে বাবা হারান ঘোষ ও দাদা দীপঙ্করের অভিযোগ, সেলাইয়ের কাজের সূত্রে পলাশির সঙ্গে পরিচয় হয়; সুদ দেওয়ার নামে তানিশার কাছ থেকে ৬০ হাজার টাকা নেন পলাশি এবং দীপশিখার নামে বিভিন্ন সংস্থা থেকে প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা ঋণ করান। সেই কিস্তি না মেটায় ব্যাঙ্কের তাগাদা আসত এবং ঋণ মেটাতে স্বামীর সোনার চেন ও আংটিও পলাশিকে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কান্নায় ভেঙে পড়ে বাবা হারান ঘোষ জানান, ঋণ একটু একটু করে শোধ করার কথা বললেও তার আগেই পলাশি দাস, প্রতিবেশী লক্ষ্মী দাস ও তাঁর স্ত্রী মিলে চাপ সৃষ্টি করে মেয়েকে খুন করেছেন এবং তিনি দোষীদের কঠোর শাস্তি চান। দীপঙ্করের দাবি, ঘটনার পর পিঠে ব্যাগ নিয়ে পাশের বাড়িতে পালাতে দেখে স্থানীয়রা পলাশিকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পলাশি দাসকে জেরার পাশাপাশি পলাতক দীপশিখা ঘোষের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।