ভোট বয়কটের জল্পনা ওড়ালেন রাহুল গান্ধী! ভারতের গণতন্ত্র নিয়ে কেন এমন মন্তব্য?

ভারত ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক মতপার্থক্য কাটিয়ে একযোগে কাজ করার সুযোগ থাকলেও, সন্ত্রাসবাদে মদত ও উৎসাহ জোগানোই যে দুই প্রতিবেশী দেশের আলোচনার পথে সবচেয়ে বড় বাধা, তা স্পষ্ট করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে এক বিতর্কসভায় পাকিস্তানের এক পড়ুয়ার প্রশ্নের জবাবে তিনি জানান, নিরীহ মানুষের প্রাণহানি অব্যাহত থাকলে পাকিস্তানের সঙ্গে কোনও আলোচনা সম্ভব নয়। একই আলোচনায় ভারতের গণতন্ত্রকে পবিত্র আখ্যা দিয়ে নির্বাচন বয়কটের সম্ভাবনা নাকচ করার পাশাপাশি ইজরায়েল-গাজা সংঘাত ও ভারতের বিদেশনীতি নিয়েও নিজের অবস্থান তুলে ধরেন তিনি।
ওই অনুষ্ঠানে পাকিস্তানের ওই পড়ুয়া জানতে চান, দোষারোপের রাজনীতি পেরিয়ে পারস্পরিক স্বার্থে ভারত ও পাকিস্তানের একসঙ্গে কাজ করার আর কোনও জায়গা রয়েছে কি না। উত্তরে রাহুল বলেন, সুযোগ থাকলেও একটি বড় অন্তরায় রয়েছে, আর তা হল পাকিস্তানের পক্ষ থেকে সন্ত্রাসবাদে ক্রমাগত মদত। তাঁর কথায়, ভারতের নিরীহ মানুষ খুন হতে থাকবে আর আমরা পাকিস্তানের সঙ্গে কথা বলব, এটা মেনে নেওয়া সম্ভব নয়।
আলোচনা চলাকালীন ভারতের গণতন্ত্রকে পবিত্র বলে উল্লেখ করে ভোট বয়কটের জল্পনাও উড়িয়ে দেন লোকসভার বিরোধী দলনেতা। তাঁর মতে, এমন পদক্ষেপ নিলে সেই মুহূর্তেই দেশে গণতন্ত্রের সমাপ্তি ঘটবে। তিনি জানান, নির্বাচন ব্যবস্থায় যা ঘটছে তা জনসমক্ষে তুলে ধরতেই কংগ্রেস ও অন্যান্য বিরোধী দলগুলি সচেষ্ট এবং ব্যবস্থাটি ভেঙে পড়েছে—সাধারণ মানুষ এই বিষয়টি উপলব্ধি না করা পর্যন্ত তাঁরা চাপ বা আঘাত সহ্য করতে প্রস্তুত।
২০১৪ সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ টেনে রাহুল দাবি করেন, তখনই কংগ্রেসের সন্দেহ হয়েছিল যে কোথাও একটা অসঙ্গতি রয়েছে, তবে উপযুক্ত প্রমাণ না থাকায় তখন কোনও অভিযোগ তোলা হয়নি। রাহুলের বক্তব্য, তাঁদের কাছে ভারতের গণতন্ত্র পবিত্র এবং জোরালো প্রমাণ ছাড়া গণতন্ত্রে কোনও সমস্যা রয়েছে, তা বলা তাঁর পক্ষে কঠিন।
কেন বিরোধীরা ভোট বয়কট করবে না, তার ব্যাখ্যায় রাহুল বলেন, এমন সিদ্ধান্ত নিলে গণতান্ত্রিক কাঠামো দুর্বল হয়ে পড়বে এবং দেশজুড়ে দলীয় কর্মীদের ওপর তার প্রভাব পড়বে। কর্মীদের ভোটে না লড়ার কথা বললে তাঁদের কী হবে, সেই প্রশ্ন তুলে তিনি জানান, নির্বাচনে না লড়ার ঘোষণা করলে ভারতীয় গণতন্ত্রের কাঠামো শেষ হয়ে যাবে, যা তাঁরা চান না।