সময়ের আগেই গিরিশ পার্ক থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়! এসপিকে হুমকি মামলায় নতুন মোড়

পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা-সহ পুলিশ আধিকারিকদের হুমকি দেওয়ার অভিযোগে কলকাতার গিরীশ পার্ক থানায় হাজিরা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দুপুর ১টায় তাঁকে তলব করা হয়েছিল। নির্ধারিত সময়ের আগেই তিনি থানায় পৌঁছান বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য একটি বিশেষ তদন্তকারী দলও গঠন করা হয়েছে।

পুলিশ ও তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত ৩১ অক্টোবর। অভিযোগ রয়েছে, ওই দিন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা এবং পুলিশ প্রশাসনের অন্যান্য আধিকারিকদের উদ্দেশ্যে হুমকি দেওয়া হয়েছিল। ওই ঘটনার প্রেক্ষিতেই তদন্ত শুরু করে পুলিশ এবং পরবর্তীতে গিরীশ পার্ক থানার তরফে নোটিশ পাঠানো হয়।

তদন্তকারীরা মূলত জানতে চাইছেন, কোন প্রেক্ষাপটে এবং কেন পুলিশ আধিকারিকদের উদ্দেশ্যে ওই ধরনের মন্তব্য বা হুমকি দেওয়া হয়েছিল। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে সে বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নেওয়া হবে। তদন্তকারী আধিকারিকদের বক্তব্য, পুলিশের বিরুদ্ধে নির্দিষ্ট কোনও অভিযোগ থাকলে তার সপক্ষে কী তথ্যপ্রমাণ রয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে।

জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া পরিচালনা করতে গিরীশ পার্ক থানায় বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ওই দলের আধিকারিকরাই তাঁর বয়ান রেকর্ড করছেন এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই করছেন। তলব প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য জানার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। দুপুর ১টার কিছুটা আগেই তিনি থানায় হাজির হন এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়।

রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই পুলিশ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের একাধিক তদন্তে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। কলকাতার বিভিন্ন থানা ও বিধাননগর সাইবার ক্রাইম শাখায় দায়ের হওয়া একাধিক মামলার পাশাপাশি বিভিন্ন অভিযোগে কেন্দ্রীয় সংস্থার জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে তাঁকে।