দিল্লিতে বুলগেরিয়ার বিদেশমন্ত্রী! জয়শঙ্কর-পীযূষের সঙ্গে কোন বড় চুক্তি ও আলোচনায় নজর?

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে তিন দিনের সফরে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন বুলগেরিয়ার বিদেশমন্ত্রী ভেলিস্লাভা পেট্রোভা। বিদেশ মন্ত্রক (এমইএ) জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য ভারত ও বুলগেরিয়ার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রসারিত করা। দিল্লিতে তাঁকে স্বাগত জানিয়ে এমইএ বলেছে, পুরোনো বন্ধুত্বকে আরও দৃঢ় করার বড় সুযোগ তৈরি করেছে এই সফর।
এমইএ-র মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই সফর দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে শক্তিশালী করবে এবং দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন ক্ষেত্র খুলবে। ২০ থেকে ২২ নভেম্বরের এই সফরে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন পেট্রোভা। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে তাঁর। এর আগে জুনে বুলগেরিয়া সফরে গিয়ে সে দেশের বিদেশমন্ত্রী ভেলিস্লাভা পেট্রোভা-চামোভা-র সঙ্গে বৈঠক করেছিলেন জয়শঙ্কর। সেই সাক্ষাতের পর এক্স হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলে খুব ভালো লাগল।
জয়শঙ্কর জানান, দুই দেশের সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা, কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সমন্বিত গতিশীলতা সহযোগিতা কাঠামোর প্রেক্ষাপটে নতুন সম্ভাবনার কথা উঠে এসেছে। তাঁর কথায়, অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ওষুধ, প্রতিরক্ষা, যোগাযোগ, শিক্ষা, সংস্কৃতি ও মানুষে-মানুষে সংযোগ জোরদারে গুরুত্ব দেওয়া হয়েছে। আধুনিক সময়ের উপযোগী অংশীদারিত্বে পুরোনো বন্ধুত্বকে রূপান্তরিত করার বিষয়ে দুই দেশই অঙ্গীকারবদ্ধ বলে জানান তিনি। সোফিয়া সফরের অভিজ্ঞতা তুলে ধরে জয়শঙ্কর বলেন, অর্থনৈতিক, শিক্ষাগত, সাংস্কৃতিক ও জনসংযোগ গভীর করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। ১৯৫৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বহু আগে থেকেই, এমনকি অষ্টম শতাব্দীতেও দুই দেশের মধ্যে যোগাযোগের ঐতিহাসিক নজির রয়েছে।