KIFF-এ একমাত্র বাংলা ছবি ‘গাজনের ধুলোবালি’! ঋতুপর্ণা-ঋত্বিকের ছবির গল্পে কী রহস্য?

বাংলা সিনেমার জন্য আরও এক গর্বের মুহূর্ত। ৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) ভারতীয় ভাষার প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে পরিচালক ইন্দ্রাশিস আচার্যের নতুন ছবি ‘গাজনের ধুলোবালি’ (Dust and Pebbles)। উল্লেখযোগ্যভাবে, এবারের এই প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত একমাত্র বাংলা ছবি এটি। পরিচালকের চলচ্চিত্রযাত্রায় এটি আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে যুক্ত হলো।
প্রতীক চক্রবর্তীর প্রযোজনায়, প্রমোদ ফিল্মসের ব্যানারে, ওয়েট গ্রাস ফিল্মসের সহযোগিতায় এবং অ্যাডভার্ব মুভিজের প্রোডাকশনে নির্মিত এই ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, লোকনাথ দে, শ্রেয়া সিনহা, দীপক হালদার, অপূর্ব বার এবং শুভঙ্কর মহন্ত। বাস্তবধর্মী গল্প বলার ধরন ও মানুষের জীবনের জটিল দিক পর্দায় তুলে ধরার জন্য পরিচিত ইন্দ্রাশিস আচার্য। তাঁর নতুন ছবিতে উঠে এসেছে গ্রামবাংলার পটভূমিতে রাজনীতি, ক্ষমতার লড়াই, উন্নয়নের প্রতিশ্রুতি এবং সম্পর্কের এক অস্বস্তিকর বাস্তবতা।
ছবির গল্পের কেন্দ্রে রয়েছে এক প্রত্যন্ত গ্রাম। গ্রামের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের উদ্যোগ নথিবদ্ধ করতে সেখানে পৌঁছয় এক সাংবাদিক। শুরুতে পরিবর্তনের নেপথ্যে থাকা মানুষটির প্রতি সহানুভূতিশীল থাকলেও রাজনৈতিক প্রভাবে ধীরে ধীরে বদলে যায় তার অবস্থান, এবং এরপরই সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। সাংবাদিকের অন্তর্ধানকে ঘিরে গল্প নতুন দিকে মোড় নেয়। তার স্ত্রী অমৃতা এবং যাত্রার শুরুতে সঙ্গী হওয়া শ্রীতমা নতুন অনুসন্ধানে বেরিয়ে পড়ে। গ্রামের পরিবর্তিত পরিস্থিতির মুখোমুখি হতে হতে তাদের সামনে উন্মোচিত হয় রাজনৈতিক ষড়যন্ত্র, ব্যক্তিস্বার্থ ও ক্ষমতার অপব্যবহারের ভয়ংকর বাস্তবতা। রহস্য ও রাজনীতির আবর্তে একে একে সামনে আসে নানা উত্তর। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার, চিত্রগ্রহণে শুভদীপ দে, সম্পাদনায় লুব্ধক চট্টোপাধ্যায় এবং শব্দ পরিকল্পনা ও মিশ্রণে রয়েছেন শুভারুন সেনগুপ্ত ও শ্রীজিৎ গুপ্ত।
‘গাজনের ধুলোবালি’ নিয়ে পরিচালক ইন্দ্রাশিস আচার্য জানিয়েছেন, ছবিটি তৈরি করা তাঁর কাছে যেমন নিজের বিশ্বাস ও ভাবনার প্রতি দায়বদ্ধ থাকার যাত্রা, তেমনই ছিল কঠিন চ্যালেঞ্জ। প্রত্যন্ত গ্রামে শুটিং করে সেখানকার প্রকৃতি, মানুষ ও দৈনন্দিন জীবনের রুক্ষ বাস্তবতা যথাসম্ভব অবিকৃত রাখার চেষ্টা করেছেন তিনি। তাঁর কথায়, প্রতিটি মুহূর্তে সেই গ্রামের আবহ ফুটিয়ে তোলাই লক্ষ্য ছিল, যেখানে সাধারণ মানুষ দারিদ্র্য, ক্ষমতা, স্থানীয় রাজনীতি এবং উন্নয়নের আড়ালে লুকিয়ে থাকা লোভের সঙ্গে লড়াই করে বাঁচেন। অতিরিক্ত নাটকীয়তা বা চাকচিক্য ছাড়া সেই জীবন তুলে ধরার পাশাপাশি তিনি দেখাতে চেয়েছেন, কীভাবে ক্ষমতার লোভ ও রাজনৈতিক সুবিধাবাদ মানুষকে সহ্যের শেষ সীমায় ঠেলে দেয় এবং সাধারণ জায়গাগুলিকে গ্রাস করে। সাধারণ মানুষের জীবনসংগ্রাম ও প্রতিরোধের শক্তিকেই আসল সাহস ও অনুপ্রেরণা বলে মনে করেন পরিচালক।
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে ইন্দ্রাশিস আচার্যের সম্পর্ক দীর্ঘদিনের। তাঁর আগের ছবি ‘পিউপা’ এবং ‘পার্সেল’-এর উৎসবযাত্রাও শুরু হয়েছিল এই মঞ্চ থেকেই এবং দুটি ছবিই দেশ-বিদেশে একাধিক পুরস্কার ও সম্মান পেয়েছে। বিশেষ করে ‘পার্সেল’-এর জন্য কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা ভারতীয় পরিচালকের বেঙ্গল টাইগার পুরস্কার অর্জন তাঁর ক্যারিয়ারের অন্যতম স্বীকৃতি। সেই ধারাবাহিকতায় ৩২তম উৎসবে একমাত্র বাংলা ছবি হিসেবে ‘গাজনের ধুলোবালি’র নির্বাচন তাঁর সফরকে আরও সমৃद्ध করল।