‘মদতপুষ্ট দৈত্য’ বলে জিতুকে অভিশাপ সৌরভের বাবার! বিগ বসের রিকশা কাণ্ডে তোলপাড় নেটপাড়া

‘বিগ বস’ বাংলার ‘টিকিট টু ফিনালে’ টাস্ক ঘিরে রীতিমতো উত্তাল হয়ে উঠেছে নেটপাড়া ও শোয়ের অন্দরমহল। ওই প্রতিযোগিতায় সৌরভ দাসকে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন জিতু কমল, যার ফলে খেলা থেকে ছিটকে যান সৌরভ এবং সরাসরি ফাইনালে যাওয়ার টিকিট পেয়ে যান জিতু। এই ঘটনা সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনদের একাংশ। পাশাপাশি সৌরভ দাসের পরিবারের সদস্যরাও প্রকাশ্যে মুখ খুলেছেন এবং জিতুর আচরণ নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।
ফেসবুকে সৌরভের বাবা সমর দাস অত্যন্ত কড়া ভাষায় নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেছেন, ‘বিগবস এর মদতপুষ্ট দৈত্য জিতু আজ আমার ছেলে সৌরভকে ফাইনালের টাস্কে অন্যায় ভাবে রিক্সা থেকে ফেলে দিয়ে আহত করল ! ওর এই হিংস্র আক্রমনের জন্য আমি এবং সৌরভের মা ওকে অভিশপ্ত করলাম!’ তাঁর এই পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর আলোচনা শুরু হয়েছে এবং নানা মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সৌরভের বাবার পোস্টের মাঝেই দর্শকদের নজরে এসেছে সৌরভের স্ত্রী অভিনেত্রী দর্শনা বণিকের সোশ্যাল মিডিয়া পোস্ট। ফেসবুকে দর্শনা লিখেছেন, ‘এটা লজ্জাজনক।’ অনেকেই মনে করছেন, টাস্ক চলাকালীন সৌরভের সঙ্গে জিতুর আচরণ ও সেই ঘটনার জেরেই দর্শনা এই মন্তব্য করেছেন। এদিকে, গোটা বিষয়টি নিয়ে দর্শক ও নেটিজেনদের মধ্যে দুই ধরনের মত তৈরি হয়েছে। একদল মনে করছেন, কঠিন পরিস্থিতিতে সৌরভ যে ধৈর্য দেখিয়েছেন, তা প্রশংসার যোগ্য; আবার আরেকদল জিতুর পদক্ষেপকে খেলার কৌশল বা ‘গেম প্ল্যান’ হিসেবে দেখছেন।
ঘটনার বিবরণ অনুযায়ী, টাস্ক চলাকালীন সৌরভ যখন কিছুটা নিচের দিকে ঝুঁকেছিলেন, ঠিক সেই অসতর্ক মুহূর্তের সুযোগ নিয়ে তাঁকে রিকশা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন জিতু। ধাক্কা দেওয়ার ঠিক আগেই তাঁকে ‘সরি সৌরভ’ বলতে শোনা যায়। সর্বশক্তি দিয়ে রিকশায় টিকে থাকার চেষ্টা করলেও শেষপর্যন্ত পারেননি সৌরভ; রিকশার ছাউনি ভেঙে সশব্দে মাটিতে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন বাড়ির অন্যান্য প্রতিযোগী এবং দেখা যায়, মাটিতে পড়ে চোট পেয়েছেন সৌরভ, এমনকি শরীরের অংশ কেটেও গিয়েছে।
এই ঘটনায় রাগ, দুঃখ ও শারীরিক যন্ত্রণায় মেজাজ হারান সৌরভ। তাঁর দাবি, খেলা চলাকালীন জিতু তাঁকে ‘শিবের দিব্যি’ কেটে কথা দিয়েছিলেন যে তিনি ইচ্ছাকৃতভাবে এই টাস্ক হারবেন এবং সৌরভকে জিতিয়ে দেবেন, যদিও সৌরভ নিজেই তাঁকে এমনটা না করতে বলেছিলেন। সবকিছুর পরেও শেষ পর্যন্ত খেলোয়াড়সুলভ মানসিকতা বজায় রেখে জিতুর সঙ্গে হাত মিলিয়ে সরে যান সৌরভ, যা ফাইনালের দৌড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।