সাতাশের ভোটের আগেই মেগা প্ল্যান! প্রতি মাসে ৭ দিন উত্তরপ্রদেশে থাকবেন অমিত শাহ, কী ছক কষছে বিজেপি?

২০২৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। পরবর্তী লোকসভা নির্বাচনের আগে এই ভোট বিজেপি এবং বিরোধী শিবির উভয়ের কাছেই বড় পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। সেই লক্ষ্যে এখন থেকেই প্রচার ও সাংগঠনিক প্রস্তুতির ঝাঁজ বাড়াতে মাঠে নেমেছে ভারতীয় জনতা পার্টি। দলীয় সূত্রের খবর অনুযায়ী, উত্তরপ্রদেশের নির্বাচনী প্রস্তুতি ও রণকৌশলের দায়িত্বে বড় ভূমিকা নিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পশ্চিমবঙ্গে দলের নির্বাচনী প্রচারে সক্রিয় সময় দেওয়ার পর এবার উত্তরপ্রদেশেও বাড়তি নজর দিতে চলেছেন তিনি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বে টানা তৃতীয়বার সরকার গঠনের লক্ষ্য নিয়েই এই প্রস্তুতি শুরু হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে।

দলীয় সূত্রের খবর, উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচার ও সাংগঠনিক প্রস্তুতির অগ্রগতি খতিয়ে দেখতে প্রতি মাসে অন্তত সাত দিন সে রাজ্যে কাটাতে পারেন অমিত শাহ। তাঁর এই সম্ভাব্য সফরসূচিতে প্রচারের গতিপ্রকৃতি পর্যালোচনা, সংগঠনের দুর্বলতা ও শক্তি খতিয়ে দেখা এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে সমন্বয় সাধনের মতো বিষয়গুলি গুরুত্ব পাবে। সম্প্রতি মথুরায় দু’দিনের চিন্তন বৈঠক করেছে বিজেপি, যেখানে ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও সাংগঠনিক রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেই বৈঠকের পরই সরাসরি ময়দানে নেমে প্রস্তুতি শুরু করার পরিকল্পনা নিয়েছে গেরুয়া শিবির।

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গে অমিত শাহের আগের প্রচার পরিকল্পনার কথাও উল্লেখ করছেন দলীয় নেতারা। বঙ্গের ক্ষেত্রে তিনি মাসে ১৫ দিন সময় দেওয়ার কথা জানিয়েছিলেন এবং সেই অনুযায়ী সফরও করেছিলেন, যার ফল দলের কাছে অত্যন্ত ইতিবাচক হয়েছে বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই উত্তরপ্রদেশে নিয়মিত সাংগঠনিক বৈঠক, প্রস্তুতির পর্যালোচনা এবং দলীয় কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগের উপর জোর দিতে চলেছেন তিনি। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে দলের অবস্থান পর্যালোচনা করার পাশাপাশি রাজ্য নেতৃত্ব, নির্বাচিত জনপ্রতিনিধি এবং বুথস্তরের কর্মীদের মধ্যে সমন্বয় বাড়ানোও তাঁর কর্মসূচির অন্যতম লক্ষ্য হতে পারে।

শুধু অমিত শাহ নন, নির্বাচনী প্রচার আরও গতি পেলে উত্তরপ্রদেশে বিজেপির হয়ে ময়দানে নামতে পারেন কেন্দ্রের আরও কয়েকজন শীর্ষ মন্ত্রী। জনসংযোগ বাড়ানো, স্থানীয় রাজনৈতিক চ্যালেঞ্জগুলি মোকাবিলা করা এবং নিচুতলার সংগঠনকে মজবুত করতে তাঁদের সক্রিয়ভাবে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। ৮০টি লোকসভা এবং ৪০৩টি বিধানসভা আসনবিশিষ্ট উত্তরপ্রদেশ বিজেপির রাজনৈতিক সমীকরণে বরাবরই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন নির্বাচনে সরকারের উন্নয়নমূলক কাজ, পরিকাঠামোর অগ্রগতি, জনকল্যাণমূলক প্রকল্প এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সামনে রেখে প্রচার চালাতে পারে দল, পাশাপাশি কর্মীদের অসন্তোষ মেটানো ও বিরোধীদের মোকাবিলা করার দিকেও নজর রাখা হচ্ছে।