সরাসরি ফোনে নাগরিকদের সমস্যা শুনলেন মন্ত্রী! আধিকারিকদের কড়া ধমকের পর এবার কলকাতায় নামছে ‘বৃহন্নলা ব্রিগেড’২

এবার সরাসরি ‘ফোন অন কলে’ পুর-এলাকার বাসিন্দাদের অভাব-অভিযোগ শুনলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। নাগরিকদের সমস্যার কথা শুনে কোথাও যেমন দ্রুত সমাধানের আশ্বাস দিলেন, তেমনই আবার গাফিলতি নজরে আসায় প্রয়োজনে সংশ্লিষ্ট আধিকারিকদের কড়া ধমক দিতেও দেখা গেল তাঁকে। এর পাশাপাশি সমাজের মূলস্রোতে রূপান্তরকামীদের ফেরাতে এবং তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নে ‘বৃহন্নলা ব্রিগেড’ তৈরির এক অভিনব ও ঐতিহাসিক ঘোষণা করল রাজ্য সরকার।

বুধবার সল্টলেকের শুভান্নতে পুর ও নগরোন্নয়ন দফতরের এক উচ্চপর্যায়ের বৈঠকে এই বিশেষ ও জনমুখী সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, রাজ্যে যাঁরা ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী রয়েছেন, তাঁদের নিয়ে একটি বিশেষ ব্রিগেড তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘বৃহন্নলা ব্রিগেড’। মূলত দু’টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই ব্রিগেডের সদস্যদের কাজে লাগানোর পরিকল্পনা নিয়েছে প্রশাসন। এর ফলে একদিকে যেমন সরকারি কাজকর্মে গতি আসবে, তেমনই রূপান্তরকামীদের কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে।

প্রশাসনিক পরিকল্পনা অনুযায়ী, কলকাতা পুর এলাকায় এবার বাড়ি বাড়ি গিয়ে বকেয়া কর বা ট্যাক্স আদায়ের দায়িত্ব সামলাবেন রূপান্তরকামীরা। অন্যদিকে, শহরের ব্যস্ততম ট্রাফিক সিগনালগুলিতে দাঁড়িয়ে পথ নিরাপত্তা নিয়েও সাধারণ মানুষকে সচেতন করবেন তাঁরা। মন্ত্রী স্পষ্ট জানান, পুলিশকে দিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার পরই এই ‘বৃহন্নলা ব্রিগেড’-কে রাস্তায় ট্রাফিক সিগনালে কাজে লাগানো হবে। হেলমেট না পরা বা সিট বেল্ট না বাঁধার মতো নিয়মভঙ্গের ক্ষেত্রে তাঁরা পথচারী ও চালকদের সচেতন করবেন। পাশাপাশি, যাঁরা বাড়ি বাড়ি গিয়ে বকেয়া কর সংগ্রহের কাজ করবেন এবং যাঁরা ট্রাফিক সিগনালে দায়িত্ব পালন করবেন, উভয় ক্ষেত্রের রূপান্তরকামী কর্মীদেরই সরকারের তরফ থেকে নির্দিষ্ট স্টাইপেন্ড বা ভাতা দেওয়া হবে। রাজ্য সরকারের এই মানবিক ও দূরদর্শী পদক্ষেপে সমাজের বিভিন্ন মহলে ইতিমধ্যেই প্রশংসা শুরু হয়েছে।

Riya Chakrabarty
  • Riya Chakrabarty