সংযুক্ত আরব আমিরাতকে টপকে সৌদি আরবের বড় চমক! ভারতের তেল বাজারে নতুন সমীকরণ

বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ হিসেবে ভারত বরাবরই বৈশ্বিক তেল সরবরাহকারীদের কাছে অন্যতম প্রধান গন্তব্য। অক্টোবরেও সেই প্রতিযোগিতার চিত্র স্পষ্ট হয়েছে। তবে দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতকে পেছনে ফেলে জায়গা পাকা করেছে সৌদি আরব। প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে সৌদি আরব থেকে ভারতের তেল আমদানি সংযুক্ত আরব আমিরাতের তুলনায় বেড়ে গেছে। ইরান যুদ্ধের জেরে আঞ্চলিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটার পর এমন ঘটনা এই প্রথম দেখা গেল। হারানো বাজারের অংশীদারত্ব ফিরে পেতে সৌদি আরব ছাড়ের বিনিময়ে তেলের চালান সরবরাহের প্রস্তাব দিয়েছিল। পরিসংখ্যান বলছে, অক্টোবরেও রাশিয়া ভারতের শীর্ষ তেল সরবরাহকারী দেশ হিসেবে বহাল রয়েছে, আর এরপরই রয়েছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
সৌদি আরব থেকে বাড়ল তেল আমদানি
সৌদি আরব থেকে আমদানি বেড়ে দৈনিক প্রায় ৭ লক্ষ ৯০ হাজার ব্যারেলে পৌঁছেছে, যা গত আট মাসের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত থেকে তেল কেনার পরিমাণ কমে দৈনিক ৬ লক্ষ ১২ হাজার ব্যারেলে নেমে এসেছে, যা গত সাত মাসের সর্বনিম্ন। গত মাসে নিজেদের ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে ক্ষতির পর সৌদি আরব তেল উৎপাদন বাড়ায় এবং লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়ানবু বন্দর থেকে রপ্তানির গতি ত্বরান্বিত করে। ভারতীয় শোধনাগার সূত্রের দাবি, পণ্য পরিবহনের উচ্চ ব্যয় পুষিয়ে নিতে সৌদি আরব অপরিশোধিত তেলে ছাড় দিয়েছে। এর ফলে অন্যান্য মধ্যপ্রাচ্যের উৎপাদক এবং রাশিয়ার তুলনায় সৌদি আরবের তেল আরও প্রতিযোগিতামূলক হয়ে ওঠে।
অক্টোবরে ভারতের রেকর্ড তেল আমদানি
পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরে ভারতের মোট তেল আমদানি দৈনিক ৫.৫৮ মিলিয়ন ব্যারেলের রেকর্ড ছুঁয়েছে। এটি সেপ্টেম্বরের তুলনায় ৪.৭ শতাংশ এবং গত বছরের একই সময়ের তুলনায় ৬.৯ শতাংশ বেশি। সেপ্টেম্বরের তুলনায় রাশিয়া থেকে তেল আমদানি ৩.৫ শতাংশ বেড়ে দৈনিক ১.৮৫ মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে, যা ভারতের মোট কেনাকাটার প্রায় এক-তৃতীয়াংশ। ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ ব্যাহত হওয়ার পর ভারতীয় শোধনাগারগুলো রাশিয়া থেকে তেল কেনা বাড়িয়েছিল।
এপ্রিলের পর আমিরাত থেকে আমদানিতে গতি
যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালীতে যাতায়াত ব্যাহত হওয়ায় সৌদি আরব থেকে সরবরাহ ধীর হয়ে গিয়েছিল, তবে এপ্রিলের পর সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানিতে দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা যায়। ওপেক থেকে সরে আসার পর সংযুক্ত আরব আমিরাত হরমুজ প্রণালীর বাইরে জাহাজে জাহাজে তেল স্থানান্তর শুরু করে। ভারতসহ বড় বাজারগুলোতে চাহিদার বড় অংশ ধরতেই তারা জাহাজের বহর কাজে লাগিয়েছে।
কী বলছে পরিসংখ্যান
উপসাগরীয় অঞ্চলের এই দুই উৎপাদকের রপ্তানি বাড়ানোর প্রচেষ্টা এশিয়ার প্রধান বাজারগুলোতে অংশীদারত্বের লড়াই আরও তীব্র করেছে। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারত সংযুক্ত আরব আমিরাত থেকে গড়ে দৈনিক ৭ লক্ষ ৪১ হাজার ৪০০ ব্যারেল তেল আমদানি করেছে, যা আগের বছরের চেয়ে ৪১.৮ শতাংশ বেশি। বিপরীতে সৌদি আরব থেকে তেল কেনা ১৮.৪ শতাংশ কমে দৈনিক প্রায় ৪ লক্ষ ৮৪ হাজার ১০০ ব্যারেলে দাঁড়িয়েছে।