৪ বছর পর ভক্সভাগেন ভার্টাসের প্রথম বড় আপডেট, ৩৬০ ডিগ্রি ক্যামেরা সহ কী কী থাকছে?

ভারতে তাদের জনপ্রিয় মিড-সাইজ সেডান ভার্টাস-এর বহুল প্রতীক্ষিত ফেসলিফট সংস্করণ আনতে চলেছে ভক্সভাগেন। জার্মান গাড়ি নির্মাতা সংস্থাটি ইতিমধ্যে নতুন মডেলের টিজার প্রকাশ করে এর আপডেটেড বাইরের অংশের ঝলক দেখিয়েছে। যদিও সংস্থা এখনও আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ নিশ্চিত করেনি, তবে একাধিক রিপোর্ট অনুযায়ী আগামী ১১ ডিসেম্বর ২০২৬ তারিখে ভারতীয় বাজারে এই গাড়িটি লঞ্চ হতে পারে। ২০২২ সালে প্রথম আত্মপ্রকাশের পর এই সেডানের এটিই প্রথম মিড-লাইফ আপডেট।
টিজার অনুযায়ী, নতুন ভক্সভাগেন ভার্টাস ফেসলিফটে এলইডি ফগ ল্যাম্পসহ নতুন ফ্রন্ট বাম্পার এবং ডায়মন্ড-প্যাটার্নের লোয়ার এয়ার ইনটেক দেখা গেছে। সামনের গ্রিলে সূক্ষ্ম পরিবর্তন আনা হয়েছে এবং যুক্ত হয়েছে নতুন গ্লস-ব্ল্যাক অ্যালয় হুইল। লাল জিটি ব্যাজ ঠিক থাকলেও সামনের ফেন্ডারের ব্যাজগুলো এখন সামনের দরজায় স্থানান্তরিত হয়েছে। পাশাপাশি নতুন ফ্রন্ট পার্কিং সেন্সর এবং বাম্পারে ক্যামেরা পডের উপস্থিতি ৩৬০-ডিগ্রি ক্যামেরা থাকার ইঙ্গিত দিচ্ছে। কেবিনের ভেতরের নকশা বর্তমান মডেলের কাছাকাছি থাকলেও নতুন সিট ফ্যাব্রিক ও ট্রিম যুক্ত হতে পারে। থাকতে পারে ১০.২৫-ইঞ্চির বড় ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে। বর্তমান ১০.১-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট স্ক্রিনটি থাকলেও উন্নত ইন্টারফেস এবং টাইগুন ফেসলিফটের মতো এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট ফিচার যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইঞ্জিনের ক্ষেত্রে ১.০-লিটার এবং ১.৫-লিটার টার্বো-পেট্রোল ইউনিটই বজায় থাকতে পারে। ১.০-লিটার ইঞ্জিনে ৬-স্পিড ম্যানুয়ালের পাশাপাশি নতুন ৮-স্পিড টর্ক-কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স যুক্ত হতে পারে, আর শক্তিশালী ১.৫-লিটার ইঞ্জিনের সঙ্গে থাকতে পারে ৭-স্পিড ডুয়াল-ক্লাচ ট্রান্সমিশন। দামের দিক থেকে বর্তমান মডেলের তুলনায় নতুন ভার্টাস ফেসলিফটের দাম সামান্য বাড়তে পারে এবং শুরুর দাম প্রায় ১০.৭৫ লক্ষ টাকার আশেপাশে থাকার অনুমান করা হচ্ছে। বাজারে এলে এটি স্কোডা স্লাভিয়া, হুন্ডাই ভার্না এবং হোন্ডা সিটির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে।