ইউএই-কে টপকে ফের দ্বিতীয় সৌদি আরব! তেলের বাজারে বড় চমক ভারতে

ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ হওয়ায় বৈশ্বিক তেল সরবরাহকারীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে। অক্টোবরে সেই প্রতিযোগিতায় নতুন সমীকরণ সামনে এসেছে, যেখানে সংযুক্ত আরব আমিরাত বা ইউএই-কে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে সৌদি আরব। প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধের কারণে আঞ্চলিক সরবরাহ ব্যাহত হওয়ার পর এই প্রথম সৌদি আরব থেকে ভারতের তেল আমদানি ইউএই-কে ছাড়িয়ে গেল। বাজারের অংশ পুনরুদ্ধারে সৌদি আরব ছাড়ে তেলের চালান দিয়েছে। অক্টোবরে রাশিয়া ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী হিসেবে শীর্ষে ছিল, এরপর সৌদি আরব ও ইউএই।
সৌদি আরব থেকে আমদানি বেড়ে দৈনিক প্রায় ৭৯০,০০০ ব্যারেলে (বিপিডি) পৌঁছেছে, যা আট মাসের মধ্যে সর্বোচ্চ। বিপরীতে ইউএই থেকে আমদানি কমে দৈনিক ৬১২,০০০ ব্যারেলে নেমে এসেছে, যা সাত মাসের মধ্যে সর্বনিম্ন। পূর্ব-পশ্চিম পাইপলাইনে হামলার ক্ষতির পর সৌদি আরব উৎপাদন বাড়িয়ে লোহিত সাগরের ইয়ানবু বন্দর থেকে রপ্তানি বৃদ্ধি করেছে। শোধনাগার সূত্র জানায়, বাড়তি পরিবহন খরচের ভারসাম্য রাখতে সৌদি অপরিশোধিত তেলে ছাড় দেওয়ায় তা মধ্যপ্রাচ্যের অন্যান্য সরবরাহকারী ও রাশিয়ার তুলনায় বেশি প্রতিযোগিতামূলক হয়েছে।
অক্টোবরে ভারতের মোট তেল আমদানি বেড়ে রেকর্ড দৈনিক ৫৫.৮ লক্ষ ব্যারেলে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরের চেয়ে ৪.৭ শতাংশ এবং আগের বছরের একই সময়ের তুলনায় ৬.৯ শতাংশ বেশি। সেপ্টেম্বরের তুলনায় রাশিয়া থেকে আমদানি ৩.৫ শতাংশ বেড়ে দৈনিক ১৮.৫ লক্ষ ব্যারেলে পৌঁছেছে, যা মোট আমদানির প্রায় এক-তৃতীয়াংশ। ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের সরবরাহ বিঘ্নিত হওয়ার পর ভারতীয় শোধনাগারগুলো রুশ তেল কেনা বাড়িয়েছিল।
হরমুজ প্রণালীতে সংঘাতের কারণে চলাচল বাধাগ্রস্ত হওয়ায় সৌদি সরবরাহ কমলেও এপ্রিলের পর ইউএই থেকে আমদানি দ্রুত ঘুরে দাঁড়িয়েছিল। ওপেক ছাড়ার পর ইউএই হরমুজ প্রণালীর বাইরে শিপ-টু-শিপ ট্রান্সফার শুরু করে এবং নিজস্ব জাহাজবহরের মাধ্যমে ভারতসহ প্রধান বাজারে চাহিদার বড় অংশ জোগায়।
পরিসংখ্যান অনুযায়ী, এই দুই উপসাগরীয় দেশের রপ্তানি বাড়ানোর তৎপরতায় এশিয়ার বাজারে প্রতিযোগিতা আরও বেড়েছে। এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত ভারত ইউএই থেকে দৈনিক গড়ে ৭৪১,৪০০ ব্যারেল তেল আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ৪১.৮ শতাংশ বেশি। অন্যদিকে সৌদি আরব থেকে ক্রয় ১৮.৪ শতাংশ কমে দৈনিক প্রায় ৪৮৪,১০০ ব্যারেলে নেমে এসেছে।