সোমবারই সুপ্রিম কোর্টে কলকাতা পুরভোটের শুনানি? বড় ইঙ্গিত প্রধান বিচারপতির!

কলকাতা পুরসভার নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি জট নিয়ে আগামী সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হতে পারে। কলকাতা পুরভোট সংক্রান্ত সব মামলা একসঙ্গে শোনা হবে বলে মৌখিকভাবে জানিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। বৃহস্পতিবার আদালতে দ্রুত শুনানির আর্জি জানানো হলে এই ইঙ্গিত মেলে। ফলে নির্ঘণ্ট ঘোষণা নিয়ে জটিলতা কাটার কোনো পথ সুপ্রিম কোর্ট দেখায় কি না, সেদিকে নজর রয়েছে সবার।

পুরভোটের দিনক্ষণ ঘোষণা নিয়ে বর্তমান অচলাবস্থার মূলে রয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ। ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, সিঙ্গল বেঞ্চে ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়ার বৈধতা ও পদ্ধতি নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে মামলা দায়ের হয়েছিল, যার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন প্রক্রিয়ায় এগোনোর ওপর ওই নিষেধাজ্ঞা জারি থাকে।

হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। রাজ্যের দাবি, ওয়ার্ড পুনর্বিন্যাস সংক্রান্ত বিষয়টি যেহেতু সিঙ্গল বেঞ্চে বিচারাধীন, তাই সেই নিষ্পত্তির আগেই পুরভোটের নির্ঘণ্ট ঘোষণায় এমন সামগ্রিক স্থগিতাদেশ প্রশাসনিক ও নির্বাচনী কাজে বাধা তৈরি করছে। দ্রুত নিষ্পত্তির স্বার্থেই রাজ্য আজ সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির আবেদন জানায়।

প্রধান বিচারপতি সূর্য কান্ত মৌখিকভাবে জানিয়েছেন যে কলকাতা পুরভোট সংক্রান্ত সমস্ত মামলা একত্রে শোনা হবে এবং আগামী সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে। একই বিষয়ে একাধিক আবেদন ও সংশ্লিষ্ট আইনি দিক থাকায় সব মামলা একসঙ্গে শোনা হলে আদালতের পক্ষে সার্বিক চিত্র বিচার করা সহজ হবে বলে মনে করা হচ্ছে। সোমবারের শুনানিতে রাজ্য সরকারের আবেদন গৃহীত হয় নাকি ডিভিশন বেঞ্চের নির্দেশই বহাল থাকে, তা স্পষ্ট হবে আদালতের পর্যবেক্ষণে।