১৩ বছরে বদলে গেল ভারত! GTA VI লঞ্চের দিনে মোদীর পোস্টে কোন চমকপ্রদ পরিসংখ্যান?

এই মুহূর্তে উত্তাল গেমিং দুনিয়া। কারণ, মুক্তি পেয়েছে জনপ্রিয় ভিডিও গেম ‘GTA VI’। গোটা বিশ্বে বহু বছর ধরে একাধিক ব্যবহারকারী গ্র্যান্ড থেফট অটো (GTA) খেলে আসছেন। তবে এবার উন্মাদনার বড় কারণ হল, দীর্ঘ ১৩ বছর পর মুক্তি পেল এই গেমের পরবর্তী সংস্করণ। ২০১৩ সালে মুক্তি পেয়েছিল GTA V। তার ১৩ বছর পর, অর্থাৎ ২০২৬ সালে মুক্তি পেল GTA VI। এই ১৩ বছরে যেমন আমূল পরিবর্তন দেখেছে গেমিং দুনিয়া, তেমনই অনেক পরিবর্তন ঘটেছে ভারতেও। এই বদলগুলিকে কেন্দ্র করেই সোশাল মিডিয়া এক্স-এ এই গেমের শৈলীতে গ্রাফিক্স দিয়ে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত ১৩ বছরে দেশের কী কী পরিবর্তন হয়েছে, সেই খতিয়ানই তুলে ধরেছেন তিনি।

মোট ১০টি স্লাইড পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। এই ১৩ বছরে দেশের অর্থনীতি, প্রযুক্তি, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং মানুষের জীবনযাত্রার বদলের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। একটি গ্রাফিক্সে বলা হয়েছে, আগে ভারতকে দুর্বল অর্থনীতি বা ফ্র্যাজাইল ইকোনমি হিসেবে দেখা হত। কিন্তু বর্তমানে ভারত বিশ্বের দ্রুততম বর্ধিষ্ণু অর্থনীতিগুলির অন্যতম।

অন্য স্লাইডগুলিতে পরিষেবাগত পরিবর্তনের ছবিও তুলে ধরা হয়েছে। গ্রাফিক্স অনুযায়ী, আগে 3G যুগে ১ জিবি ডেটার দাম ছিল ৩০৮ টাকা, যা বর্তমানে 5G যুগে কমে দাঁড়িয়েছে ৭.৫১ টাকায়। রেল পরিষেবাতেও বড় পরিবর্তনের কথা জানানো হয়েছে; আগে দেশের মাত্র ২০ শতাংশ রেললাইন বিদ্যুতায়িত ছিল, আর এখন সেই হার বেড়ে হয়েছে ৯৯.৬ শতাংশ। পাশাপাশি নতুন জাতীয় সড়ক, বিমানবন্দর এবং আধুনিক ট্রেন পরিষেবা বৃদ্ধির কথাও উল্লেখ করা হয়েছে বিভিন্ন স্লাইডে। এ ছাড়া এই ১৩ বছরে দেশে ডিজিটাল পেমেন্টের ব্যাপক অগ্রগতির কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে দেশে শৌচাগারের ব্যবহার বেড়েছে বলে গ্রাফিক্সে দাবি করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, আগে দেশে শৌচাগার ব্যবহারের হার ছিল ৩৯ শতাংশ, যা বর্তমানে বেড়ে হয়েছে ১০০ শতাংশ। অন্যদিকে, দেশে আগে চরম দারিদ্রের হার ছিল ২৭ শতাংশ, তা কমে এখন হয়েছে ২.৬ শতাংশ। সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রেও বড় অগ্রগতির চিত্র তুলে ধরা হয়েছে; গ্রাফিক্স অনুযায়ী, আগে সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল ২.৮২ গিগাওয়াট, যা এখন বেড়ে পৌঁছেছে ১৭৫ গিগাওয়াটে।

GTA V থেকে GTA VI আসতে লেগেছে ১৩ বছর। এই সময়ে যাঁরা স্কুলে পড়তেন, তাঁদের বড় অংশই আজ কর্মজীবনে প্রবেশ করেছেন। একই সঙ্গে দেশের অধিকাংশ পরিষেবাতেও বড় বদল এসেছে। উল্লেখ্য, আজ ১৯ নভেম্বর গোটা দেশে GTA VI মুক্তি দিয়েছে রকস্টার গেমস। কম্পিউটার, PS5 এবং Xbox Series X/S-এ খেলা যাবে এই গেম। বিশ্বজুড়ে গেমটিকে ঘিরে যখন তুমুল আলোচনা চলছে, তখন প্রধানমন্ত্রীর পোস্ট করা এই ১৩ বছরের পরিবর্তনের গ্রাফিক্সও নেটিজেনদের বিশেষ নজর কাড়ছে।