চট্টগ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষ, ইউনূসের বাড়িতে আগুন! হরতালের আগেই অগ্নিগর্ভ বাংলাদেশ২

নিষিদ্ধ আওয়ামী লীগের হরতাল কর্মসূচির আগেই উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর, ২০২৬) সকালে চট্টগ্রামে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পাশাপাশি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রাক্তন প্রধান মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে খবর মিলেছে, আর রাজধানী ঢাকায় বেশ কয়েকটি হাতবোমা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম বিডিনিউজ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দলের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে গত ২৪ ঘণ্টায় ঢাকায় পুলিশ ৫৬৫ জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের মধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও রয়েছেন, যাঁকে বুধবার মধ্যরাতে বাসা থেকে আটক করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এই অস্থিরতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের প্রতিশ্রুতি দিয়ে অডিও ও ভিডিও প্রমাণের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করার কথা জানিয়েছেন।
কড়া নিরাপত্তা সত্ত্বেও ভোর হওয়ার আগেই বিভিন্ন স্থানে হাতবোমা (আইইডি) বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রামের পাঁচলাইশ এলাকায় মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। এর আগে সিলেট, রাজশাহী, বরিশাল ও ফরিদপুর অঞ্চলে গ্রামীণ ব্যাঙ্কের একাধিক শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর মহম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন এবং তাঁর প্রশাসন আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে বহু নেতাকর্মীকে কারাবন্দি করে। ওই সময় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস এবং ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাসভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। গত দুই দিনে ৬৪টি জেলার মধ্যে ২৮টিতে হাতবোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নড়াইলে আওয়ামী লীগ কর্মীদের হামলায় ক্ষমতাসীন বিএনপির দুই স্থানীয় নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে সংসদে এবং বুধবার রাতে আওয়ামী লীগের সম্ভাব্য পুনরুত্থান রুখতে ঐক্যের ডাক দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান দলটিকে “সন্ত্রাসবাদী সংগঠন” ও “ফ্যাসিবাদী শক্তি” আখ্যা দিয়ে চূড়ান্ত পরাজয়ের আহ্বান জানান এবং আইনপ্রণেতাদের নিজ নিজ এলাকায় ফিরে কর্মীদের সংগঠিত করার নির্দেশ দেন।
বিশেষ ট্রাইব্যুনালের রায়ের প্রথম বার্ষিকীতে এই বিক্ষোভ কর্মসূচি এমন এক সময়ে চলছে, যখন অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৭৯ বছর বয়সী হাসিনা ২০২৪ সালের আগস্টে ভারতে চলে যাওয়ার পর ডিসেম্বরে “যেকোনও মূল্যে” দেশে ফেরার ঘোষণা দেওয়ায় উত্তেজনা আরও বেড়েছে।