যৌন হেনস্থা থেকে দুর্নীতি—ব্রাত্য ও ইন্দ্রনীলের বিরুদ্ধে অভিযোগের পাহাড়! তদন্তে কাদের নাম?

তৃণমূল জমানার প্রাক্তন দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে জিরো এফআইআর (Zero FIR) দায়ের করা হয়েছে। যৌন হেনস্থা, শ্লীলতাহানি, দুর্নীতি এবং অপরাধমূলক ষড়যন্ত্র-সহ একাধিক গুরুতর ধারায় বাগুইআটি থানায় এই জিরো এফআইআর রুজু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে সংশ্লিষ্ট মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, ব্রাত্য বসু এবং ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে তিনজন মহিলা অভিযোগ দায়ের করেছিলেন। সেই সব অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে রাজীব সরকার নামে এক ব্যক্তি আবেদন জানান। তাঁর সেই আবেদনের ভিত্তিতেই এবার প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করা হয়েছে। শুধু প্রাক্তন মন্ত্রীরাই নন, এই ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে কয়েকজন সরকারি আধিকারিককেও।

জানা গিয়েছে, বাগুইআটি থানায় দায়ের হওয়া এই মামলাটি পরবর্তী তদন্ত ও আইনানুগ প্রক্রিয়ার জন্য বিধাননগর উত্তর থানায় পাঠানো হয়েছে। অভিযোগের গুরুত্ব ও একাধিক ধারা যুক্ত থাকার কারণে গোটা বিষয়টি এখন তদন্তকারীদের নজরে রয়েছে এবং পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন সকলে।