‘মনে হচ্ছে ইউরোপে চলে এসেছি! স্পেন-ভেনিস তো গোরখপুরেই আছে!’ যোগীকে নিয়ে এ কী ব্যঙ্গ করলেন অখিলেশ?

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই যোগী আদিত্যনাথের নিজ গড় গোরখপুরে এক বিশাল শক্তি প্রদর্শন করলেন সমাজবাদী পার্টির (এসপি) জাতীয় সভাপতি অখিলেশ যাদব। বুধবার গোরখপুর বিমানবন্দর থেকে চৌরি চৌরার দেবকাহি গ্রাম পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ একটি বর্ণাঢ্য রোড শো-এর নেতৃত্ব দেন তিনি। বিশেষ ‘পিডিএ রথ’-এ চড়ে অখিলেশ যখন এগোচ্ছিলেন, তখন পুরো পথ জুড়ে হাজার হাজার দলীয় কর্মী ও সমর্থকদের ঢল নামে। ঢাক-ঢোল এবং বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। গোরখপুর জেলার নয়টি বিধানসভা কেন্দ্রসহ পূর্ব উত্তর প্রদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসপি কর্মীরা এই মিছিলে যোগ দেন।
উন্নয়নের দাবি নিয়ে তীব্র কটাক্ষ
রোড শো শেষে আয়োজিত অনুষ্ঠানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান অখিলেশ। গোরখপুরের বর্তমান পরিকাঠামো নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, গোরখপুরে এসে তাঁর মনে হয়েছে তিনি যেন ইউরোপে এসে পড়েছেন! সরকারের মিথ্যা উন্নয়নের দাবির সমালোচনা করে অখিলেশ বলেন, “ওদের তো স্পেন আর ভেনিস রয়েছে।” গোরখপুরের জলাবদ্ধতা ও মেট্রোর প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করে তিনি জানান, সামান্য কয়েক ঘণ্টার বৃষ্টিতেই সাধারণ মানুষের ঘরে জল ঢুকে যায়। লখনউয়ের মতো গোরখপুরে মেট্রো চালুর প্রতিশ্রুতি দেওয়া হলেও প্রতি বর্ষায় মানুষকে নৌকায় যাতায়াত করতে হয় বলে অভিযোগ করেন তিনি।
২০২৭-এর নির্বাচন নিয়ে বড় বার্তা
গোরখপুরের এই জনস্রোত দেখে বিজেপি-র শক্ত ঘাঁটি ভাঙার দাবি তুলেছেন সমাজবাদী পার্টির প্রধান। আগামী ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে গণতন্ত্র বাঁচানোর লড়াই হিসেবে অভিহিত করে তিনি বলেন, যে সরকার সঠিকভাবে একটি ভোটার তালিকা তৈরি করতে পারে না, তারা আবার ‘এক দেশ, এক নির্বাচন’ বাস্তবায়নের কথা বলে! গোরখপুরের এই রাজনৈতিক কর্মসূচি এবং অখিলেশের আক্রমণাত্মক মন্তব্য যে আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে রাজনৈতিক উত্তাপ আরও বহুগুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।