কলেজ স্ট্রিটে ধুন্ধুমার! এসএফআই-এর বইয়ের স্টলে গিয়ে এবিভিপি-র ‘গো ব্যাক’ স্লোগানের মুখে বিমান বসু

বইপাড়া কলেজ স্ট্রিটে ধুন্ধুমার কাণ্ড। এসএফআই-এর (SFI) বুক স্টলে গিয়ে চরম বিরোধিতার মুখে পড়লেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। তাঁকে ঘিরে ধরে এবিভিপি (ABVP) সমর্থকদের ‘গো ব্যাক’ স্লোগানে মুহূর্তের মধ্যে তেতে ওঠে গোটা চত্বর।
বুধবার দুপুরে কলেজ স্ট্রিটে এসএফআই-এর একটি বইয়ের স্টল পরিদর্শনে যান বিমান বসু। তাঁর সঙ্গে ছিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। স্টল ঘুরে দেখার পাশাপাশি সম্প্রতি বইয়ের স্টলে হামলার তীব্র নিন্দা করেন বিমানবাবু। কিন্তু তিনি কথা বলা শুরু করতেই ঠিক পাশেই থাকা এবিভিপি-র বুক স্টল থেকে স্লোগান উঠতে শুরু করে।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন বিমান বসু গাড়িে ওঠার জন্য এগোয়। সেই সময় তাঁর একেবারে সামনে চলে আসেন এবিভিপি সমর্থকরা। হাততালি দিয়ে ‘গো ব্যাক, গো ব্যাক, বিমান বসু গো ব্যাক’ এবং ‘পালিয়েছে, পালিয়েছে, বিমান বোস পালিয়েছে’ স্লোগানে চারপাশ মুখরিত করে তোলেন তাঁরা।
এই চরম অসৌজন্যমূলক আচরণ নিয়ে প্রশ্ন করা হলে বিমান বসু অত্যন্ত শান্তভাবে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “গো ব্যাক… আমি তো এখানে থাকতে আসিনি! গো ব্যাক বলার দরকার কী! বই বিক্রি করতেও আসিনি আমি। আমার মিটিং আছে। এখনই যেতে হবে।”
উল্লেখ্য, গত মঙ্গলবার থেকেই উত্তপ্ত ছিল কলেজ স্ট্রিট চত্বর। এসএফআই-এর বুক স্টল তৈরিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এরপর বুধবার সকালে একই জায়গায় এবিভিপি পাল্টা বুক স্টল বসানোর চেষ্টা করলে পরিস্থিতি চরমে পৌঁছয়। মুখোমুখি অবস্থানে চলে আসে দুই ছাত্র সংগঠন। এসএফআই-এর তরফে স্টল দেওয়া হলেও এবিভিপি দাবি করে, ওই নির্দিষ্ট জায়গায় তাদেরই বুক স্টল বসানোর কথা ছিল।
পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে পুলিশ। দুই দলের মাঝখানে ব্যারিকেড তৈরি করলেও গার্ড রেল ভেঙে যায়, বচসা ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। রাস্তা আটকে বিক্ষোভ দেখানোর পাশাপাশি এসএফআই-এর ব্যানার ছিঁড়ে ফেলা এবং কাঠের কাঠামো তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে এবিভিপি-র বিরুদ্ধে। এসএফআই-এর দাবি, যুগ্ম পুলিশ কমিশনারের (Joint CP) অনুমতি নিয়েই তাঁরা ওই স্টল দিয়েছেন। কিন্তু ডান ও বাম ছাত্র সংগঠনের এই রক্তক্ষয়ী রাজনৈতিক সংঘর্ষে বইপাড়ায় চরম আতঙ্ক ছড়িয়েছে।