সপ্তাহে ছয় দিনই পর্যটকদের ভিড়! খোয়াই হাটের রমরমা বাড়তেই কপালে হাত পড়ল সরকারি ব্যবসায়ীদের

শান্তিনিকেতনের বিশ্বখ্যাত সোনাঝুরি জঙ্গলে রমরমিয়ে চলা ‘বেআইনি’ হাটের জেরে চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে সরকারি কর্মতীর্থ হাট ও পশ্চিমবঙ্গ শিল্পী হাট। সোনাঝুরির এই বেআইনি বাণিজ্যের বাড়বাড়ন্তে সরকারি হাটের ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দানা বাঁধছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহের প্রায় ছ’দিনই সোনাঝুরির খোয়াই হাটে পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আর তার ফলেই মূল আকর্ষণ ও ক্রেতাদের টান হারিয়ে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছে সরকারি উদ্যোগে গড়ে ওঠা কর্মতীর্থ ও শিল্পী হাটগুলি। অথচ সোনাঝুরির এই হাটগুলির ভবিষ্যৎ সংক্রান্ত আইনি লড়াই ও মামলা বর্তমানে জাতীয় পরিবেশ আদালতে সম্পূর্ণ অমীমাংসিত অবস্থায় ঝুলে রয়েছে। প্রশাসনিক নজরদারির ফাঁকে চলা এই বেআইনি হাটের দৌরাত্ম্য কীভাবে ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের স্থানীয় শিল্প ও সরকারি উদ্যোগকে কোণঠাসা করে দিচ্ছে, তা নিয়ে এখন শুরু হয়েছে জোরদার চর্চা।