অভিন্ন পোশাকবিধি বাতিল! পুরনো রেজিমেন্টের ঐতিহ্য ফিরিয়ে সেনার বড় পদক্ষেপে ফিরছে সেই চেনা রূপ

ভারতীয় সেনাবাহিনীর পোশাকবিধিতে বড়সড় এবং ঐতিহাসিক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হল। ২০২৩ সালের আগস্ট মাসে চালু হওয়া অভিন্ন পোশাকবিধি বা ‘কমন ইউনিফর্ম পলিসি’ পুরোপুরি প্রত্যাহার করে এবার ফের পুরনো রেজিমেন্ট ও কোরের ঐতিহ্য ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সেনা সদর। নতুন এই নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে ব্রিগেডিয়ার এবং তার ঊর্ধ্বতন পদমর্যাদার আধিকারিকরা নিজেদের নির্দিষ্ট রেজিমেন্ট ও কোরের পরিচয়বাহী পোশাকের অংশ এবং প্রতীক ব্যবহার করতে পারবেন। আগামী ১ ডিসেম্বর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হতে চলেছে।

কী কী বদল আসছে পোশাকে?

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, গত ১৩ নভেম্বর জারি করা একটি অভ্যন্তরীণ নির্দেশিকায় এই বড় সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই পরিবর্তনের ফলে গোর্খা রাইফেলসের আধিকারিকরা আবারও তাঁদের ঐতিহ্যবাহী বিশেষ টুপি পরার সুযোগ পাবেন। পাশাপাশি, স্পেশাল ফোর্সেসের আধিকারিকদের জন্য ফিরে আসছে তাঁদের পরিচিত মেরুন বেরেট। একইভাবে আর্মার্ড রেজিমেন্টের আধিকারিকরা আবার কালো বেরেট পরার সুযোগ পাবেন। উল্লেখ্য, এর আগে ২০২৩ সাল থেকে শীর্ষ স্তরের সমস্ত আধিকারিকদের জন্য অভিন্ন গাঢ় সবুজ বেরেট ব্যবহারের নিয়ম চালু করা হয়েছিল।

কেন চালু হয়েছিল অভিন্ন পোশাকবিধি?

সেনা সূত্রে খবর, ২০২৩ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত আর্মি কমান্ডার্স কনফারেন্সে এই অভিন্ন পোশাকবিধি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তৎকালীন সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডের নেতৃত্বে গৃহীত সেই সিদ্ধান্ত অনুযায়ী ওই বছরের আগস্ট মাস থেকেই তা কার্যকর করা হয়। সে সময় ব্রিগেডিয়ার এবং তার ওপরের পদমর্যাদার আধিকারিকদের মাথার টুপি, বেল্ট, পদমর্যাদার ব্যাজ এবং জুতোর ক্ষেত্রে একটি নির্দিষ্ট অভিন্ন নিয়ম চালু করা হয়েছিল। ওই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন রেজিমেন্টের নিজস্ব পরিচয়ের ঊর্ধ্বে উঠে ভারতীয় সেনার শীর্ষ নেতৃত্বের মধ্যে এক সার্বিক অভিন্ন পরিচয় ও সংহতি বা ‘কমন আইডেন্টিটি’ গড়ে তোলা। তবে দীর্ঘ পর্যালোচনা শেষে সেই নিয়ম প্রত্যাহার করে ফের পুরোনো রেজিমেন্টাল ঐতিহ্যকেই ফিরিয়ে আনার পথে হাঁটল ভারতীয় সেনা।

Pratik Saha
  • Pratik Saha