পুলিশের সামনেই হাতাহাতি! এসএফআই-এবিভিপি সংঘাতে রনক্ষেত্র কলেজ স্ট্রিট, সুজন চক্রবর্তীর বিস্ফোরক অভিযোগ

বুধবার সকালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বুকস্টল তৈরিকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিল কলেজ স্ট্রিট চত্বর। এসএফআই (SFI) এবং এবিভিপি (ABVP) সমর্থকদের মধ্যে দফায় দফায় বচসা, ধস্তাধস্তি ও হাতাহাতিতে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। দুই ছাত্র সংগঠনের তীব্র সংঘাতে ব্যস্ত সময়ে কলেজ স্ট্রিটে যান চলাচল পর্যন্ত বন্ধ রাখতে হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। এই তুমুল উত্তেজনার মাঝেই এদিন দুপুরে এসএফআই-এর সেই বুকস্টলে হঠাৎ হাজির হন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও সিপিএম নেতা সুজন চক্রবর্তী।
বুকস্টল ঘিরে এসএফআই-এবিভিপি সংঘাত
জানা গেছে, মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বুকস্টল তৈরির জন্য জমায়েত করেছিল এসএফআই। কিন্তু পুলিশের অনুমতি না থাকায় পুলিশ তাঁদের সরিয়ে দেয় এবং বই বাজেয়াপ্ত করে। এরপর বুধবার পুলিশের অনুমতি নিয়ে ফের ওই স্থানে বুকস্টল তৈরি করে এসএফআই সমর্থকরা। এর পরেই পাল্টা বুকস্টল করার দাবিতে মাঠে নামে এবিভিপি। তাদের দাবি, তাদের কাছেও পুলিশের বৈধ অনুমতি রয়েছে। শুধু তাই নয়, এসএফআই-এর স্টল থেকে দেশবিরোধী বই বিক্রি করা হচ্ছে বলেও গুরুতর অভিযোগ তোলে ডানপন্থী ছাত্র সংগঠনটি। দুই পক্ষের এই পাল্টাপাল্টি দাবিতেই মূলত উত্তেজনা চরমে পৌঁছায়।
পুলিশের ভূমিকা ও বিমান বসুর ক্ষোভ
এই উত্তাল পরিস্থিতির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন বিমান বসু ও সুজন চক্রবর্তী। বুকস্টল ঘিরে পুলিশের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন প্রবীণ এই বাম নেতা। পুলিশের বাধা প্রসঙ্গে কড়া ভাষায় বিমান বসু বলেন, “বই বিক্রি ও কেনা অপরাধ নয়। পড়াশোনা বেশি করতে হবে। পুলিশ আটকে দিচ্ছে, এটা কোন ধরনের রাষ্ট্রবাদী চিন্তা?” গণতান্ত্রিক অধিকারের ওপর এমন আঘাত দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি।
এদিন বিমান বসু ও সুজন চক্রবর্তী যখন ঘটনাস্থল ছেড়ে গাড়িতে উঠছিলেন, ঠিক তখনই তাঁদের লক্ষ্য করে ‘গো ব্যাক’ স্লোগান দিতে শুরু করেন উপস্থিত এবিভিপি সমর্থকরা। এর জবাবে বিমান বসু স্পষ্ট জানান, “আমি তো থাকতে আসিনি।” তবে এলাকায় ১৬৩ ধারা জারি থাকা এবং একাধিক স্কুল থাকার পরও কেন সেখানে বইয়ের স্টল বসানো হয়েছে—সাংবাদিকদের এই প্রশ্ন করা হলে মেজাজ হারাতে দেখা যায় বিমান বসুকে।
অন্যদিকে, সুজন চক্রবর্তীও পুলিশের ভূমিকা নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি। তাঁর অভিযোগ, “পুলিশের প্রিজন ভ্যান যেতে না যেতেই ছাত্র আন্দোলন।” পাশাপাশি, বিরোধীদের মুখ বন্ধ করতেই পুলিশের এই অতিসক্রিয়তা চলছে বলে দাবি করেন তিনি। সবমিলিয়ে, কলেজ স্ট্রিটের এই ছাত্র সংঘর্ষ ও হেভিওয়েট রাজনৈতিক নেতাদের উপস্থিতি ঘিরে উত্তপ্ত রয়েছে কলকাতার রাজনৈতিক মহল।