প্লাস্টিক জমা দিলেই মিলবে পিৎজা-চিকেন ফ্রাই! বর্জ্য থেকে খাবার দেওয়ার অভিনব ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার

পরিবেশ দূষণ রোধ এবং সাধারণ মানুষের মধ্যে প্লাস্টিক বর্জনের অভ্যাস গড়ে তুলতে এক সম্পূর্ণ অভিনব ও তাক লাগানোর মতো উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের হাত ধরে এবার প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় যোগ হতে চলেছে এক যুগান্তকারী অধ্যায়। পুরোনো প্লাস্টিক বা বোতল জমা দিলেই সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুলপড়ুয়ারা পাবেন আকর্ষণীয় উপহার—যার মধ্যে রয়েছে কাপড়ের ব্যাগ থেকে শুরু করে পিৎজা ও চিকেন ফ্রাইয়ের মতো মুখরোচক ফাস্টফুড।
পরিবেশ সচেতনতার বার্তা শুধু প্রচারের আলোয় সীমাবদ্ধ না রেখে তাকে দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করতে চাইছে নগরোন্নয়ন দফতর। মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, রাজ্য নগরোন্নয়ন ও পুর বিষয়ক দফতর (UDMA) এবং স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি (SUDA)-র যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিশেষ ধরনের আধুনিক ভেন্ডিং মেশিন বসানো হবে। এই মেশিনগুলিতে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে খুব সহজেই কাপড়ের ব্যাগ সংগ্রহ করা যাবে। শুধু তাই নয়, কিছু নির্দিষ্ট মেশিনে পুরোনো প্লাস্টিকের বোতল জমা দিলেই মিলবে বিনামূল্যে কাপড়ের ব্যাগ। এর ফলে বাজারে গিয়ে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার এক ধাক্কায় অনেকটাই কমানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
পাশাপাশি, পুরনো পোশাক পুনর্ব্যবহার বা রিসাইক্লিংয়ের ক্ষেত্রেও একটি অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ নিতে চলেছে দফতর। প্রাথমিকভাবে দুটি বিশেষ কেন্দ্র গড়ার পরিকল্পনা রয়েছে, যেখানে সাধারণ মানুষ তাঁদের পুরনো জামাকাপড় জমা দিতে পারবেন। সেই পোশাকগুলি প্রক্রিয়াজাত করে নতুন উপযোগী সামগ্রী তৈরি করা হবে এবং পরবর্তীতে তা নির্দিষ্ট দোকান থেকেই বিক্রি করা হবে। এর ফলে জঞ্জাল কমানোর পাশাপাশি পুরনো জিনিসকে নতুন রূপ দেওয়ার এক দারুণ সুযোগ তৈরি হবে।
তবে এই প্রকল্পের সবচেয়ে আকর্ষক ও নজরকাড়া দিকটি হল কচি-কাঁচাদের পরিবেশ সচেতন করে তোলার অভিনব কৌশল। এপ্রসঙ্গে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, আজকের প্রজন্ম পিৎজা ও চিকেন ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে। তাই ছোটবেলা থেকেই তাদের মধ্যে প্লাস্টিক বর্জনের মানসিকতা তৈরি করতে বিশেষ কেন্দ্র গড়া হবে। যেখানে কোনো স্কুল-কলেজের পড়ুয়া বা শিশু এক কেজি প্লাস্টিক জমা দিলে তাকে উপহার হিসেবে একটি সুস্বাদু পিৎজা দেওয়া হবে। আর আধ কেজি প্লাস্টিক জমা দিলেই মিলবে লোভনীয় চিকেন ফ্রাই। শুধু প্লাস্টিকের বোতলই নয়, ভাঙা প্লাস্টিকের চেয়ার, টেবিল বা যেকোনো গৃহস্থালির প্লাস্টিক সামগ্রীও এই কেন্দ্রে জমা দেওয়া যাবে। পরিবারের বড়দের হাত ধরে শিশুরা এই মহৎ উদ্যোগে অংশ নিতে পারবে। সরকারের এই দূরদর্শী পরিকল্পনা একদিকে যেমন বাংলার পরিবেশকে প্লাস্টিকমুক্ত করতে সাহায্য করবে, তেমনই আনন্দ ও উৎসাহের মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ রক্ষার সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।