ব্যক্তিগত বিবাদকে দেশব্যাপী জনস্বার্থ মামলার রূপ! বিচারপতি আমানুল্লাকে সরিয়ে বড় বার্তা প্রধান বিচারপতির

দেশের সর্বোচ্চ আদালতে ঘটল এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনা। সুপ্রিম কোর্টের বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লার নেতৃত্বাধীন বেঞ্চের হাত থেকে অন্তত দুটি গুরুত্বপূর্ণ মামলা সরিয়ে নিলেন দেশের প্রধান বিচারপতি (CJI) সূর্যকান্ত। প্রবীণ বিচারপতিদের সঙ্গে দীর্ঘ শলা-পরামর্শের পরই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। আইনি মহলের জোরালো দাবি, ব্যক্তিগত বিরোধ এবং স্থানীয় অভিযোগ সংক্রান্ত বিষয়গুলিকে এক্তিয়ারের বাইরে গিয়ে দেশব্যাপী জনস্বার্থ মামলায় রূপান্তরিত করার উদ্যোগ নিয়েছিলেন ওই বেঞ্চের বিচারপতিরা। আর সেই কারণেই বিচারবিভাগীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনিক ক্ষমতার জোরে এই বড় পদক্ষেপ করেছেন CJI সূর্যকান্ত।
সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী, প্রধান বিচারপতিই হলেন ‘মাস্টার অফ দ্য রস্টার’। কোন বেঞ্চ কোন ধরনের মামলার শুনানি করবে, তা একমাত্র তিনিই ঠিক করেন। সাধারণত কোনো বেঞ্চে মামলা শুরু হয়ে গেলে তা সহজে সরিয়ে নেওয়া হয় না, কিন্তু এক্ষেত্রে সেই প্রচলিত নিয়মের ব্যতিক্রম ঘটল। বিচারপতি আমানুল্লা ও বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চে ব্যক্তিগত অভিযোগকে কেন্দ্র করে যে দুটি মামলা জমা পড়েছিল, তার একটি ছিল আমেটি বিশ্ববিদ্যালয় নয়ডা সংক্রান্ত এবং অন্যটি তামিলনাড়ুর অননুমোদিত নির্মাণ ও বাণিজ্যিক ব্যবহার নিয়ে। অভিযোগ উঠেছে, বিচারপতি আমানুল্লার নির্দিষ্ট রস্টারে জনস্বার্থ মামলা না থাকা সত্ত্বেও তিনি এই বিষয়গুলিকে দেশব্যাপী ত্রুটি সংশোধনের বৃহত্তর আকারে দেখার চেষ্টা করেন এবং কেন্দ্র ও রাজ্যগুলিকে নির্দেশ পাঠান।
গত মাসেই সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের বৈঠকে CJI সূর্যকান্ত স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, এক্তিয়ার বহির্ভূতভাবে নিজে থেকে স্বতঃপ্রণোদিত হয়ে কোনো বিষয়ে বিচারপতিরা অতিরিক্ত উদ্যোগ নিতে পারবেন না। বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা অটুট রাখতে এবং রস্টার অনুযায়ী সুশৃঙ্খলভাবে কাজ পরিচালনা করতে এই মামলার পুনর্বণ্টন অত্যন্ত জরুরি ছিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রথম মামলাটি বর্তমানে বিচারপতি এ টি নাথ, বিচারপতি আর মহাদেবন এবং বিচারপতি অপরেশ কুমার সিংহের তিন সদস্যের বেঞ্চে স্থানান্তরিত করা হয়েছে, যার পরবর্তী শুনানি আগামী ১৯ নভেম্বর। অন্যদিকে, দ্বিতীয় মামলাটি স্থানান্তরিত হয়েছে বিচারপতি বিভি নাগরত্নের নেতৃত্বাধীন বেঞ্চে, যার শুনানি আগামী ২৩ নভেম্বর ধার্য করা হয়েছে।