ঠান্ডা মাথার প্রতিশোধ! লস্কর কমান্ডার লতিফের খতম হতেই সিআরপিএফ প্রধানের রহস্যজনক মন্তব্য ভাইরাল

‘কিছু খাবার ঠান্ডা পরিবেশন করতেই ভাল লাগে, ঠান্ডা আবহাওয়াতেও।’ জম্মু-কাশ্মীরের কুলগামে কুখ্যাত লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) কমান্ডার লতিফ ভাটের নিকেশের পর এই বিস্ফোরক মন্তব্য করে চাঞ্চল্য সৃষ্টি করেছেন সিআরপিএফ প্রধান জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। বুধবার এক্সে বাহিনীর জওয়ানদের অভিনন্দন জানিয়ে তিনি লেখেন, ‘অভিনন্দন বন্ধুরা।’ তার পরেই তাঁর এই ইঙ্গিতপূর্ণ পোস্ট সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং শুরু হয় তীব্র রাজনৈতিক ও কৌশলগত চর্চা।

নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, গত সপ্তাহে কুলগামে সিআরপিএফের একটি চেকপোস্টে অতর্কিত হামলার মূল অভিযুক্ত ছিল এই লতিফ ভাট। তার সঙ্গে ছিল অপর লস্কর জঙ্গি উমর নিসার দার। সেই বর্বরোচিত হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিন সিআরপিএফ জওয়ান। গত সোমবার নিরাপত্তাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে উমর নিসার দার নিহত হলেও সে যাত্রায় চতুর লতিফ পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। তবে ভারতীয় জওয়ানদের দীর্ঘ নজরদারি ও গোয়েন্দা জালে শেষ রক্ষা হয়নি।

বুধবার ভোরে ফের লতিফের সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে জানতে পারে নিরাপত্তাবাহিনী। পুলিশের দাবি, বাহিনীর চতুর্মুখী ঘেরাটোপে আটকে পড়ে জীবন বাঁচাতে শেষ পর্যন্ত একটি মসজিদের ভিতরে আশ্রয় নেয় সে। নিরাপত্তাবাহিনীর পক্ষ থেকে তাকে বারবার মূলস্রোতে ফিরে আসার এবং আত্মসমর্পণ করার সুযোগ দেওয়া হয়। কিন্তু সমস্ত আবেদনকে বুড়ো আঙুল দেখিয়ে মসজিদের ভিতর থেকে জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে লতিফ। এরপরই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয় যৌথ বাহিনী। দীর্ঘ বন্দুকযুদ্ধের পর নিরাপত্তারক্ষীদের গুলিতে নিকেশ হয় ওই শীর্ষ লস্কর কমান্ডার।

লতিফের এই পরিণতির পর জম্মু-কাশ্মীর পুলিশ সমাজমাধ্যমে এক কড়া বার্তায় জানিয়েছে, ‘পালিয়ে যেতে পারো, কিন্তু লুকিয়ে থাকতে পারবে না।’ উপত্যকায় সাম্প্রতিক জঙ্গি তৎপরতা ও একের পর এক হামলার প্রেক্ষিতে এই বার্তার গুরুত্ব অপরিসীম।

এদিকে, গত ১২ নভেম্বর কিশতওয়ারের দাচ্ছন জঙ্গল থেকে দুই স্পেশাল পুলিশ অফিসার (SPO) বাবি চাঁদ (৫৭) এবং রশপাল কুমারের (৪৫) গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় নতুন করে উপত্যকায় আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিখোঁজ হওয়ার পর এই মর্মান্তিক পরিণতিতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এই রোমহর্ষক হত্যাকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে, তা উদঘাটনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের (CBI) উচ্চপর্যায়ের হস্তক্ষেপ দাবি করেছে নিহতদের পরিবার। একইসঙ্গে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি নিয়ে প্রশ্ন তুলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। এই নৃশংস ঘটনা ফিরিয়ে এনেছে কিশতওয়ারের অতীতের ভয়ঙ্কর জঙ্গি হামলার স্মৃতি, যেখানে ২০০০ সালের আগস্ট মাসে কিয়ার গ্রামের আটজন নিরীহ বাসিন্দাকে নির্মমভাবে হত্যা করেছিল জঙ্গিরা। এছাড়া ২০০৪ সালের আরও দুটি খুনের স্মৃতি তাড়া করে বেড়াচ্ছে স্থানীয়দের। সাম্প্রতিক একের পর এক ঘটনায় সাধারণ মানুষের মনে নতুন করে গভীর আতঙ্ক ও নিরাপত্তাহীনতার মেঘ ঘনীভূত হয়েছে।