ভিডিও কলে সাফ জানাল, ‘আল্লাহর সঙ্গে দেখা করতে চাই’! কুলগামে খতম লস্কর কমান্ডার লতিফ ভাট!

কুলগামের এক মসজিদে লুকিয়ে থাকা লস্কর-ই-তইবা (Lashkar-e-Taiba) কমান্ডার লতিফ ভাটকে এনকাউন্টারে খতম করল নিরাপত্তাবাহিনী। বারবার আত্মসমর্পণের আবেদন জানানো হলেও সে তা সম্পূর্ণ উপেক্ষা করে। পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে আল্লাহর সঙ্গে দেখা করতে চায়। এরপরেই সে ভিতর থেকে গুলি চালাতে শুরু করলে বাহিনী পাল্টা জবাব দেয়, যা তার নিধনে গিয়ে ঠেকে।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত প্রায় ২টা ৪৫ মিনিট নাগাদ নতুন করে এই রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। তার কিছুক্ষণ আগেই কুলগামের পুলিশ সুপার অনায়ত আলি ভিডিও কলের মাধ্যমে লতিফের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। তাকে বোঝানোর চেষ্টা হয় যে আত্মসমর্পণ করলে তার জীবন বাঁচানো সম্ভব। কিন্তু সমস্ত মানবিক ও আইনি আবেদনকে বুড়ো আঙুল দেখিয়ে লতিফ জানায়, “আমি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই। আমি খুব খুশি।” এর পরপরই মসজিদ চত্বর থেকে নিরাপত্তাবাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে সে। বাধ্য হয়েই পাল্টা আক্রমণ চালায় যৌথ বাহিনী।

পুলিশ সুপার অনায়ত আলি গণমাধ্যমকে জানান, লতিফকে বাঁচানোর বা তাকে জীবিত ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। তিনি নিজে ভিডিও কলে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন। এছাড়া মসজিদের বাইরে লাউডস্পিকারে বারবার ঘোষণা করে তাকে বাইরে বেরিয়ে আসার অনুরোধ জানানো হয়। মসজিদের পবিত্রতা বজায় রাখতে এবং চরম ঝুঁকি সত্ত্বেও নিরাপত্তাবাহিনী এই অভিযানে অত্যন্ত সংযম প্রদর্শন করেছিল বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর কুলগামের আখরানে সিআরপিএফের একটি চেকপোস্টে বর্বরোচিত হামলা চালানো হয়, যাতে বেশ কয়েকজন জওয়ান জখম হন। আহতদের মধ্যে বাংলার এক বীর জওয়ানও ছিলেন, যিনি বর্তমানে চিকিৎসায় সুস্থ ও বিপদমুক্ত রয়েছেন। এই ঘটনার পরই টনক নড়ে প্রশাসনের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং ৫০০-রও বেশি মানুষকে ম্যারাথন জেরা করে লতিফের উপস্থিতি ও পরিকল্পনা চিহ্নিত করা হয়। হামলার আগে ১০ নভেম্বর লতিফ ও তার সহযোগী মীরবাজার, আখরান ও হাবলিশ এলাকায় ঘুরে সম্ভাব্য টার্গেট চূড়ান্ত করেছিল।

এর আগে সোমবারই নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয় লতিফের অন্যতম সঙ্গী উমর নিসার দার। সেই এনকাউন্টারে লতিফ জখম হলেও পালিয়ে যেতে সক্ষম হয়। এরপরই কাশ্মীর উপত্যকায় ব্যাপক বাহিনী মোতায়েন করে শুরু হয় সুনির্দিষ্ট তল্লাশি অভিযান। অবশেষে মসজিদের ভিতর থেকে চালানো তার শেষ মরিয়া প্রতিরোধ গুঁড়িয়ে দিয়ে তাকে নিকেশ করে বাহিনী। প্রসঙ্গত, সিআরপিএফ চেকপোস্টে হামলা ছাড়াও গত ২২ জুলাই অনন্তনাগে এক পুলিশকর্মীকে হত্যা এবং কুলগামে দুই পরিযায়ী শ্রমিকের নৃশংস হত্যাকাণ্ডের পেছনেও লতিফের সরাসরি হাত ছিল বলে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। এই কুখ্যাত জঙ্গির মৃত্যুতে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষ।