‘হয়তো আর বেঁচে ফিরব না!’ জেল থেকে বিচারপতিদের খোলা চিঠি ইমরান খানের, তোলপাড় পাকিস্তান

পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান দেশের শীর্ষ আদালতগুলোর প্রধান বিচারপতিদের উদ্দেশ্যে এক অত্যন্ত আবেগঘন খোলা চিঠি লিখেছেন। এই চিঠির মাধ্যমে তিনি নিজের এবং তাঁর স্ত্রী বুশরা বিবির জরুরি ও উন্নত চিকিৎসার জন্য আদালতের হস্তক্ষেপ কামনা করেছেন। ইমরান দাবি করেছেন যে, জেলের ভেতরে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে এবং দীর্ঘদিন ধরে নির্জন কারাবাসে থাকার কারণে তাঁর প্রাণসংশয় দেখা দিয়েছে। অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় তিনি আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে তিনি হয়তো জেল থেকে আর জীবিত অবস্থায় ফিরে আসতে পারবেন না। ইমরানের আইনজীবী ব্যারিস্টার সালমান সফদর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) এই চাঞ্চল্যকর চিঠিটি প্রকাশ্যে এনেছেন।

আইনজীবী সালমান সফদর জানান, গত ১১ নভেম্বর আদিয়ালা জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের সময় প্রাক্তন প্রধানমন্ত্রী এই চিঠিটি বিচারপতিদের কাছে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। চিঠিতে ইমরান উল্লেখ করেছেন যে, তাঁকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও নির্জন কারাবাসে রাখা হয়েছে এবং জেলের চার দেওয়ালের বাইরে নিজেদের কণ্ঠস্বর ও অসহায়তা পৌঁছে দেওয়ার এটাই তাঁর কাছে শেষ উপায়। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, তাঁর ব্রেন হ্যামারেজ এবং কার্ডিয়াক অ্যারেস্টের প্রবল ঝুঁকি রয়েছে, এমনকি তাঁর হৃদযন্ত্র ইতিমধ্যেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্ত্রী বুশরা বিবির শারীরিক অবস্থা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইমরান খান। চিঠিতে তিনি লেখেন, গত এপ্রিল মাসে বুশরা বিবির চোখের রেটিনা বিচ্ছিন্ন (ডিট্যাচ) হয়ে গিয়েছিল, যার অত্যন্ত গোপনে অস্ত্রোপচার করা হয়। ইমরানের আশঙ্কা, অবিলম্বে আরও একটি জরুরি অস্ত্রোপচার না করা হলে বুশরা বিবি চিরতরে তাঁর দৃষ্টিশক্তি হারাতে পারেন। নিজের আইনি লড়াইয়ের কথা তুলে ধরে তিনি লেখেন, তিনি অসংখ্য মিথ্যা ও জটিল মামলায় লড়েছেন এবং কখনোই দমে যাননি, কিন্তু দেশের বিচার ব্যবস্থা এখন তাঁকে ন্যায়বিচার দেওয়া বন্ধ করে দিয়েছে। দিনে ২২ ঘণ্টা তাঁকে অন্ধকার কুঠুরিতে একা রাখা হচ্ছে, যেখানে পরিবারের সদস্যদের দেখা করার অনুমতি নেই এবং বই পড়া বা টিভি দেখার কোনো সুযোগও দেওয়া হচ্ছে না। এর ফলে তাঁর মানসিক স্বাস্থ্যের ওপর চরম নেতিবাচক প্রভাব পড়ছে। গত এক বছরে তিনি মাত্র চারবার নিজের আইনজীবীদের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন।

চিঠির শেষে ইমরান অত্যন্ত করুণ সুরে লিখেছেন, “আমি যদি বেঁচে থাকি, তবেই তো নিজের নির্দোষিতা প্রমাণ করতে পারব।” তবে ইমরানের এই সমস্ত অভিযোগ সরাসরি নস্যাৎ করে দিয়েছে পাকিস্তান সরকার। দেশের সংসদীয় বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী দাবি করেছেন, জেলে ইমরান খানকে তাঁর পছন্দের খাবারসহ সমস্ত ধরনের আধুনিক সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। মন্ত্রী সাংবাদিকদের জানান, বর্তমানে পাকিস্তানের জেলগুলোর মধ্যে সবচেয়ে ভালো পরিষেবা পাচ্ছেন ইমরান খানই। জেল কর্তৃপক্ষের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, মাত্র এক সপ্তাহ আগেই চোখের ইনজেকশনের জন্য তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানকার চিকিৎসকরা তাঁকে ‘ক্লিনিক্যালি স্টেবল’ বা শারীরিকভাবে সম্পূর্ণ স্থিতিশীল বলে ঘোষণা করেছেন। উল্লেখ্য, পাকিস্তানের বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।