পবন সিংয়ের স্ত্রীর চরিত্রহনন! ইউটিউবারের বিরুদ্ধে সোজা পুলিশের কাছে গেলেন জ্যোতি সিং, থানায় এফআইআর দায়ের

ভোজপুরি সুপারস্টার পবন সিংয়ের স্ত্রী জ্যোতি সিংকে নিয়ে বিতর্ক কিছুতেই থামছে না। এবার সোশ্যাল মিডিয়ায় চরিত্রহনন এবং আপত্তিকর প্রচার চালানোর অভিযোগে এক ইউটিউবারের বিরুদ্ধে সরাসরি আইনি পদক্ষেপ নিলেন তিনি। উত্তর প্রদেশের বল্লিয়া কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ‘জামি জেহরিলা’ নামক একটি ইউটিউব চ্যানেল এবং তার পরিচালকের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন জ্যোতি সিং। তাঁর স্পষ্ট অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নামে কুৎসা রটানো হচ্ছে এবং লাগাতার আপত্তিকর পোস্ট করে তাঁর সামাজিক সম্মান ও সুনাম নষ্ট করার চেষ্টা চলছে।

পুলিশের কাছে জমা দেওয়া অভিযোগে জ্যোতি সিং উল্লেখ করেছেন যে তিনি চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত এবং জনজীবনেও যথেষ্ট সক্রিয় রয়েছেন। এর আগে তিনি বিহারের কারাকাট বিধানসভা আসন থেকে নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। বর্তমানে তাঁর স্বামী পবন সিংয়ের সঙ্গে বল্লিয়া এবং বিহারের আরা পারিবারিক আদালতে আইনি লড়াই ও পারিবারিক বিবাদ বিচারাধীন রয়েছে। ঠিক এই সংবেদনশীল পরিস্থিতির সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে একটি কুৎসামূলক ও মানহানিকর প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

জ জ্যোতি সিংয়ের এই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসেছে পুলিশ। বল্লিয়া পুলিশ অভিযুক্ত ইউটিউবারের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। সাইবার সেল খতিয়ে দেখছে ঠিক কারা এই অপপ্রচারের নেপথ্যে রয়েছে। ভোজপুরি মহলে এই ঘটনাকে কেন্দ্র করে এখন নতুন করে শোরগোল পড়ে গিয়েছে।