২০২৭ ইউপি নির্বাচন: কংগ্রেসের মাস্টারস্ট্রোক! বুথে বুথে ভুয়ো ভোটার খুঁজতে নামছেন নেতারা, বড় নির্দেশ রাহুলের

পাখির চোখ ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। আর তার আগে রাজ্যটিতে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে বড়সড় প্রস্তুতি শুরু করে দিয়েছে কংগ্রেস। বিভিন্ন জেলার সংগঠনের দায়িত্বে থাকা নেতাদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বিশেষ নির্দেশ। নির্দেশ পরিষ্কার—সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি এবার সরাসরি বুথস্তরে গিয়ে ভোটার তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে হবে নেতাদের। শুধু তাই নয়, আগামী দুয়েকে মধ্যে এই সংক্রান্ত রিপোর্টও জমা দিতে হবে হাইকম্যান্ডের কাছে।

ভোট চুরি রুখতে বিশেষ কড়াকড়ি

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে সামনে রেখে ইতিমধ্যেই ‘ভোট চুরি’ ইস্যুতে দেশজুড়ে আন্দোলন সংগঠিত করছে হাত শিবির। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে হাতিয়ার করে নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি নির্বাচনে সুবিধা নিতে চাইছে বলে জোরালো অভিযোগ তুলে আসছে কংগ্রেস। তারই অংশ হিসেবে উত্তরপ্রদেশের প্রতিটি বুথে ভুয়ো ভোটার ও তালিকার অসঙ্গতি খুঁজতে মাঠে নামছেন কংগ্রেসের নেতা-কর্মীরা।

থমকে গেল ‘সংগঠন শ্রীজন’ কর্মসূচি

উত্তরপ্রদেশের বিভিন্ন প্রান্তে দলের দায়িত্বে থাকা নেতাদের এই বিশেষ নির্দেশ দেওয়ার পেছনে রয়েছে ভিন্ন রাজনৈতিক সমীকরণ। এর আগে কংগ্রেস পরিকল্পনা করেছিল দেশের সবচেয়ে বেশি জনসংখ্যার এই রাজ্যে সংগঠনে বড় ধরনের রদবদল আনা হবে। সেই উদ্দেশ্যে ‘সংগঠন শ্রীজন’ কর্মসূচির মাধ্যমে বেশ কয়েকজন নতুন নেতার নামও বাছাই করা হয়েছিল, যাঁদের হাতে সংগঠনের মূল দায়িত্ব তুলে দেওয়ার কথা ছিল। তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির (এআইসিসি) উত্তরপ্রদেশের ইনচার্জ কুণাল চৌধুরি জানান, দলের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ভোট চুরির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। প্রতিটি বুথে গিয়ে তাঁরা ভোটার তালিকা যাচাই করবেন। পাশাপাশি, গত এক দশক ধরে বিজেপি সরকার কীভাবে উত্তরপ্রদেশের সাধারণ মানুষকে বঞ্চিত করেছে এবং ঠকিয়েছে, সেই বার্তা নিয়েও বাড়ি বাড়ি পৌঁছাবেন কংগ্রেস নেতারা।

নেতৃত্বে পরিবর্তন ও সামাজিক সমীকরণ

উল্লেখ্য, ২০২৫ সালে রাহুল গান্ধীর হাত ধরেই ‘সংগঠন শ্রীজন’ কর্মসূচির ঘোষণা করা হয়েছিল। এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে অবনীশ পাণ্ডেকে এআইসিসির পর্যবেক্ষক করা হয় এবং তখন উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন অজয় রাই। এই দুই নেতার নেতৃত্বে দীর্ঘদিন ধরে সংগঠনকে নতুন করে সাজানোর কাজ চলছিল।

এরপর দলিত ভোটারদের আস্থার জোনে টানার কৌশল হিসেবে রাজেন্দ্রপাল গৌতমকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়। তাঁরই পরামর্শে অজয় রাইকে সরিয়ে কংগ্রেস বিধায়ক আরাধনা মিশ্রাকে প্রদেশ সভাপতির দায়িত্ব সঁপে দেয় দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘকাল ধরে বিজেপির একচ্ছত্র ভোটব্যাংক হিসেবে পরিচিত ব্রাহ্মণ সম্প্রদায়ের সমর্থনে ভাগ বসানোর লক্ষ্যেই এই কৌশল নেওয়া হয়েছিল। এখন দেখার, ২০২৭-এর বৈতরণী পার হতে কংগ্রেসের এই বহুমুখী ও কড়া পদক্ষেপ কতটা সফল হয়।