ট্রেনের টিকিটের টেনশন শেষ! রাজকীয় কায়দায় কলকাতা থেকে পুরী বা শিলিগুড়ি ছুটবে SBSTC-র নতুন ভলভো বাস

দূরপাল্লার যাত্রায় ট্রেনের টিকিট পাওয়া নিয়ে কম ভোগান্তি পোহাতে হয় না। বিশেষ করে ছুটির মরসুমে কনফার্ম টিকিট পাওয়া একপ্রকার যুদ্ধ জয়ের সমান। যাত্রীদের এই নিত্যদিনের ঝামেলা দূর করতে এবার বড় পদক্ষেপ নিল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এসবিএসটিসি। ট্রেনের সঙ্গে জোরদার প্রতিযোগিতায় নামতে রাজ্যে আসছে অত্যাধুনিক ভলভো এসি স্লিপার বাস।
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের আরামদায়ক এবং ঝঞ্ঝাটহীন সফর উপহার দিতে এবার এসবিএসটিসি-র বহরে যুক্ত হচ্ছে ভলভোর ৯৬০০ সিরিজের মাল্টি-অ্যাক্সেল এসি স্লিপার বাস। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, কলকাতা থেকে পুরী, কলকাতা থেকে শিলিগুড়ি সহ একাধিক গুরুত্বপূর্ণ দূরপাল্লার রুটে এই বাসগুলি চালানোর ছক কষা হয়েছে। রাতের সফরে যারা আরাম চান, তাদের জন্য এই বাসগুলি দারুণ স্বস্তি আনবে।
ইতিমধ্যেই এসবিএসটিসির হাতে এসে পৌঁছেছে চারটি বিলাসবহুল ভলভো এসি স্লিপার বাস। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও ছয়টি বাস এসে পৌঁছানোর কথা রয়েছে। পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্য সরকারের পরিকল্পনা রয়েছে ধাপে ধাপে রাজ্যে মোট ৪০টি ভলভো বাস নামানোর। প্রতিটি বাসের বাজারমূল্য প্রায় এক থেকে দেড় কোটি টাকার কাছাকাছি।
শুধু অভ্যন্তরীণ সুযোগ-সুবিধাই নয়, এই বাসগুলির বাহ্যিক রূপেও রয়েছে দারুণ চমক। বাসের গায়ে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাংলার ঐতিহ্যবাহী স্থাপত্যের ছোঁয়া। হাওড়া ব্রিজ কিংবা দক্ষিণেশ্বর মন্দিরের পরিচিত প্রতিকৃতি স্থান পেয়েছে বাসের গায়ে, যা দূর থেকেই যাত্রীদের নজর কাড়বে। ট্রেনের ওপর নির্ভরতা কমিয়ে সড়কপথে যাতায়াত আরও জনপ্রিয় করে তুলতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে পরিবহণ দফতর।