৫৫৭তম প্রকাশ পর্বের আগেই খুলুক কর্তারপুর করিডোর! কেন্দ্রকে কড়া চিঠি মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের

শ্রী গুরু নানক দেব জির ৫৫৭তম প্রকাশ পর্বের ঠিক আগে ফের জোরালো হল কর্তারপুর সাহেব করিডোর পুনরায় খুলে দেওয়ার দাবি। লক্ষ লক্ষ ভক্তের পবিত্র তীর্থস্থানে শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দিতে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাল আম আদমি পার্টি (AAP)। এই দাবিতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান।
বিশ্বজুড়ে শিখ সম্প্রদায়ের অনুভূতির সম্মান জানানোর দাবি
দিল্লিতে আয়োজিত এক প্রেস কনফারেন্সে আপ-এর পাঞ্জাবের সাংসদ মালবিন্দর সিং কাং জানান, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ইতিমধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা শিখ সম্প্রদায়ের গভীর আবেগ ও অনুভূতির কথা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন এবং অবিলম্বে করিডোরটি খুলে দেওয়ার অনুরোধ করেছেন। তিনি বলেন, “শ্রী কর্তারপুর সাহেবের ধর্মীয় ও ঐতিহাসিক তাৎপর্য অপরিসীম। এটি সেই পবিত্র ভূমি যেখানে শ্রী গুরু নানক দেবজি তাঁর জীবনের একটি দীর্ঘ সময় কাটিয়েছেন এবং মানবজাতিকে ‘কীর্ত করো’-র মহান বার্তা দিয়েছেন।”
আসন্ন ৫৫৭তম প্রকাশ পর্বের কথা স্মরণ করিয়ে দিয়ে সাংসদ বলেন, কেন্দ্রীয় সরকারের উচিত অবিলম্বে এই করিডোর খুলে দেওয়া, যাতে ভক্তরা নির্বিঘ্নে পবিত্র স্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারেন।
বাণিজ্যে ছাড় থাকলে তীর্থযাত্রীদের বাধা কেন? তোপ ধালিওয়ালের
এদিকে, ডেরা বাবা নানকে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আপ-এর পাঞ্জাবের প্রধান মুখপাত্র ও সাংসদ কুলদীপ সিং ধালিওয়াল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানান। তিনি অভিযোগ করেন, প্রতি মাসের ১৫ তারিখে শিখ ভক্তরা করিডোর খোলার দাবিতে প্রার্থনা করলেও সরকারের তরফ থেকে কোনো ইতিবাচক সাড়া মিলছে না।
কেন্দ্রের নীতি নিয়ে প্রশ্ন তুলে ধালিওয়াল বলেন, “যদি নিরাপত্তাজনিত কারণে কর্তারপুর সাহেব করিডোর বন্ধ রাখা হয়, তবে গুজরাট বন্দরসহ অন্যান্য পথে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য কীভাবে সচল রয়েছে? যেখানে বাণিজ্যিক কার্যক্রম চলতে পারে, সেখানে শিখ তীর্থযাত্রীদের তাঁদের পবিত্রতম ধর্মীয় স্থান দর্শনে বাধা দেওয়া হচ্ছে কেন? সরকারের উচিত এই দ্বিমুখী নীতি স্পষ্ট করা।”
শিখ সম্প্রদায়ের প্রতি বৈষম্য করা হচ্ছে বলে অভিযোগ করে আপ নেতৃত্ব স্পষ্ট জানিয়েছে, রাজনৈতিক লাভের স্বার্থে ধর্মীয় আবেগকে বলি দেওয়া কোনোভাবেই কাম্য নয়। গুরু নানক দেব জির জন্মবার্ষিকীর আগেই করিডোরটি খুলে দিয়ে সমস্ত ভক্তদের জন্য যাতায়াতের পথ সুগম করার জোরালো দাবি তুলেছে ঘাসফুল শিবির।