দাঁত হারালেই কি কমবে স্মৃতিশক্তি? চমকে দেওয়া তথ্য সামনে আনল নতুন গবেষণা!

মুখ ও দাঁতের সুস্থতার সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতার এক গভীর ও আশ্চর্যজনক যোগসূত্র রয়েছে। সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—দাঁতের সংখ্যা কমে গেলে বা দাঁত হারালে স্মৃতিশক্তি হ্রাস এবং ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। জাপানের বিখ্যাত তোহোকু ইউনিভার্সিটিসহ আন্তর্জাতিক গবেষকদের যৌথ উদ্যোগে পরিচালিত এই গবেষণাটি চিকিৎসা মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
আমেরিকান মেডিকেল ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত এই গবেষণায় ৬০ বছর বা তার বেশি বয়সী প্রায় ৪৮ হাজার মানুষের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যতথ্য বিশ্লেষণ করা হয়। বিশ্লেষণে দেখা গেছে, অংশগ্রহণকারীদের মধ্যে যাদের দাঁতের সংখ্যা স্বাভাবিকের তুলনায় কম, তাদের একটি বড় অংশ স্মৃতিশক্তি হ্রাসের সমস্যায় ভুগছেন। পরিসংখ্যান অনুযায়ী, যাদের মুখে ১০ থেকে ১৯টি দাঁত রয়েছে, তাদের স্মৃতিশক্তি হারানোর ঝুঁকি ১৪ শতাংশ বেশি। অন্যদিকে, যাদের মাত্র ১ থেকে ৯টি দাঁত অবশিষ্ট রয়েছে, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি ২৭ শতাংশেরও বেশি বৃদ্ধি পায়। আর যাদের একটিও প্রাকৃতিক দাঁত নেই, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি বলে সতর্ক করেছেন গবেষকরা।
কিন্তু দাঁত হারানোর সঙ্গে স্মৃতিশক্তির এই গভীর যোগসূত্র কেন? চিকিৎসকদের মতে, খাবার চিবোনোর প্রক্রিয়ার সঙ্গে মস্তিষ্কের স্নায়বিক যোগাযোগের বিষয়টি এর পেছনে সরাসরি জড়িত। আমরা যখন কোনো খাবার চিবাই, তখন দাঁত, মাড়ি এবং চোয়ালের পেশি থেকে ট্রাইজেমিনাল স্নায়ুর মাধ্যমে উদ্দীপনা বা সংকেত সরাসরি মস্তিষ্কের স্মৃতি ও শেখার কেন্দ্র ‘হিপ্পোক্যাম্পাসে’ গিয়ে পৌঁছোয়। প্রাকৃতিক দাঁত কমে গেলে বা কৃত্রিম দাঁত ব্যবহারের ফলে সেই স্বাভাবিক স্নায়বিক উদ্দীপনা ও রক্তপ্রবাহ কমে যায়, যা দীর্ঘমেয়াদে মস্তিষ্কের কোষগুলোকে নিষ্ক্রিয় করে তোলে। পাশাপাশি মাড়ির দীর্ঘস্থায়ী সংক্রমণও ব্রেনের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। তাই সুস্থ ও সচল স্মৃতিশক্তি বজায় রাখতে মুখের স্বাস্থ্য রক্ষা এবং নিয়মিত দন্ত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।