নির্মলা সীতারমনের ‘ফেক ভিডিও’ দেখে ভয়ঙ্কর ফাঁদ! ১.৪১ কোটি টাকা খুইয়ে সর্বস্বান্ত ৬৩ বছরের বৃদ্ধ

আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার রমরমা যেমন একদিকে সুযোগ এনে দিয়েছে, তেমনই অন্যদিকে সাইবার প্রতারকদের জাঁতাকলে পড়ে সর্বস্বান্ত হচ্ছেন বহু মানুষ। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের একটি ভুয়া বা ফেক ভিডিওর ফাঁদে পড়ে ১ কোটি ৪১ লক্ষ টাকা খুইয়েছেন কেরালার এক ৬৩ বছর বয়সি প্রবীণ ব্যক্তি। অনলাইনে অধিক মুনাফার লোভে বিনিয়োগ করতে গিয়ে তিনি সাইবার প্রতারকদের খপ্পরে পড়েন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভুক্তভোগী ওই প্রবীণ ব্যক্তি ফেসবুক স্ক্রোল করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের একটি ভিডিও দেখতে পান। ভিডিওটিতে অনলাইনে ট্রেডিং ও বিনিয়োগের মাধ্যমে বিরাট অঙ্কের রিটার্ন পাওয়ার কথা বলা হয়েছিল। মন্ত্রীর মুখ ও কণ্ঠস্বর হুবহু নকল করে তৈরি ওই ডিপফেক ভিডিওর সত্যতা যাচাই না করেই তিনি বিশ্বাস করে বসেন। ভিডিওর নিচে দেওয়া একটি ফিশিং লিঙ্কে ক্লিক করার পরেই শুরু হয় প্রতারকদের আসল খেলা।

প্রতারকদের পাতা জালে পা দিয়ে ওই ব্যক্তি মাত্র কিছুদিনে মোট ৩০টি পৃথক লেনদেনের মাধ্যমে ধাপে ধাপে ১ কোটি ৪১ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু যখন তিনি টাকা তোলার চেষ্টা করেন, তখন বুঝতে পারেন যে তিনি সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। এরপরই তিনি স্থানীয় সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে এবং কোন কোন অ্যাকাউন্ট বা আইপি অ্যাড্রেসের মাধ্যমে এই বিশাল অঙ্কের অর্থ পাচার হয়েছে, তা খতিয়ে দেখছে। এই ঘটনায় ফের একবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ডিপফেক ভিডিও ও অনলাইন ট্রেডিং স্ক্যাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ও সচেতনতার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।