বলিউড তারকাদের সঙ্গে সাক্ষাৎ থেকে মোদির সঙ্গে বৈঠক, ৩ দিনের ভারত সফরে এসে কী কী করছেন ব্রিটিশ রাজপরিবারের এই যুগল?

আন্তর্জাতিক ক্রিকেটে শত শতরানের মালিক সচিন তেন্ডুলকরকে এতদিন সবুজ ২২ গজে বা স্টেডিয়ামের ফ্লাডলাইটে খেলতে দেখা গেছে। কিন্তু এবার তাঁকে পাওয়া গেল একেবারে অন্য মেজাজে—মুম্বইয়ের ব্যস্ত রাস্তায় গলি ক্রিকেট খেলতে! আর তাঁর সেই খেলায় সঙ্গী হলেন খোদ ব্রিটেনের ভবিষ্যৎ রাজা ও রানি—প্রিন্স উইলিয়াম এবং রাজকুমারী কেট মিডলটন। তিন দিনের ভারত সফরে মুম্বইয়ে এসে এই রাজকীয় যুগল সচিনের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে ওঠেন, যার ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

মুম্বইয়ের ব্যালার্ড এস্টেট এলাকায় অবস্থিত ভারতের অন্যতম প্রাচীন ফটোগ্রাফি স্টুডিও ‘হ্যামিলটন স্টুডিও’র বাইরে তাঁদের তিনজনকে একসঙ্গে দেখা যায়। এরপর সচিনের সঙ্গে তাঁরা মুম্বইয়ের বিখ্যাত স্ট্রিট ফুড ও স্থানীয় রান্নার স্বাদও উপভোগ করেন। মজার বিষয় হলো, ২০১৬ সালের প্রথম ভারত সফরেও তাঁরা স্থানীয় শিশুদের সঙ্গে ক্রিকেট খেলেছিলেন, আর এক দশক পরে খোদ সচিন তেন্ডুলকরের সঙ্গে তাঁদের এই ক্রিকেট কানেকশন মুহূর্তটিকে আরও স্মরণীয় করে তুলেছে। খেলায় সচিন দুর্দান্ত শট খেললেও, এক তরুণীর বলে বোল্ড হয়ে যান প্রিন্স উইলিয়াম! পিছিয়ে থাকেননি রাজকুমারী কেটও, তিনিও ব্যাট হাতে দারুণ হাত পাকান।

তবে উইলিয়াম ও কেটের এই মুম্বই সফর শুধু ক্রিকেট বা খাওয়া-দাওয়ায় সীমাবদ্ধ নয়। তাঁরা মুম্বই মেট্রোয় চড়ে শহরের যাতায়াত ব্যবস্থার অভিজ্ঞতা নেন এবং বলিউড সুপারস্টার আলিয়া ভাটসহ একাধিক সেলিব্রিটির সঙ্গে সাক্ষাৎ করেন। মঙ্গলবার তাঁরা অংশ নিচ্ছেন মর্যাদাপূর্ণ ‘আর্থশট পুরস্কার’ (Earthshot Prize) সমারোহে। ২০২০ সালে প্রিন্স উইলিয়াম কর্তৃক পরিবেশগত এই উদ্যোগটি শুরু হয়েছিল, যার এবারের আসরটি এখনও পর্যন্ত সবচেয়ে বড় সংস্করণ। অনুষ্ঠানে পরিবেশের সুরক্ষায় কাজ করা পাঁচজন বিজয়ীকে ১ মিলিয়ন পাউন্ড করে আর্থিক পুরস্কার প্রদান করা হবে।

২০২৪ সালে প্রিভেনটিভ কেমোথেরাপির পর রাজকুমারী কেটের এটি অন্যতম বড় আন্তর্জাতিক সফর। মুম্বই পর্ব শেষ করে এই রাজকীয় যুগল পা রাখবেন দেশের রাজধানী নয়াদিল্লিতে। সেখানে আগামী বুধবার তাঁরা সাক্ষাত্ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে, আর এর মাধ্যমেই শেষ হবে তাঁদের এই হাইপ্রোফাইল তিন দিনের ভারত সফর।