ডাক্তারদের বিরুদ্ধে ক্ষোভ ও আইনি জট! মাঝপথেই থমকে গেল সানি দেওলের মেগা প্রজেক্ট, নতুন রিলিজ কবে?

চলতি বছরের নভেম্বর মাসে বড় পর্দায় ঝড় তোলার কথা ছিল অভিনেতা সানি দেওলের নতুন ছবি ‘সূর্য’ (বা ‘অন্ত সে আরম্ভ তক’)-এর। কিন্তু আইনি জটিলতা এবং তীব্র প্রতিবাদের জেরে আপাতত স্থগিত রাখা হলো ছবিটির মুক্তি। আগামী ২০শে নভেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি আসার কথা থাকলেও, সৃষ্ট বিতর্কের জেরে নির্মাতারা আপাতত মুক্তির তারিখ পিছিয়ে দিয়েছেন। বলিউড সূত্রে খবর, আগামী ২০২৭ সালের ১৫ই জানুয়ারি ছবিটি মুক্তি দেওয়ার কথা নতুন করে ভাবা হচ্ছে। তবে সেন্সর বোর্ড (CBFC) থেকে সবুজ সংকেত এবং সমস্ত আইনি জট কেটে গেলেই তবেই চূড়ান্ত মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

গত ১৯শে অক্টোবর সানি দেওলের জন্মদিনের দিন মুক্তি পেয়েছিল ছবিটির প্রথম টিজার। মালয়ালম চলচ্চিত্র নির্মাতা এম. পদ্মাকুমারের পরিচালনায় তৈরি এই টিজারে সানি দেওলকে স্বাস্থ্য ব্যবস্থার ত্রুটি এবং চিকিৎসকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায়। এই দৃশ্যটি ঘিরেই দানা বাঁধে প্রধান বিতর্ক। ইন্টারন্যাশানাল মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) টিজারটির তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযোগ তোলে যে, এই ধরনের দৃশ্য সমাজে ডাক্তারদের বিরুদ্ধে ঘৃণা ও হিংসা ছড়াতে পারে। চিকিৎসকদের পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ণ করার অভিযোগে বিষয়টি দ্রুত গড়ায় আদালত পর্যন্ত।

আইএমএ-র পক্ষ থেকে ছবিটির ওপর নিষেধাজ্ঞা ও স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। গত ৫ই নভেম্বর এ বিষয়ে একটি জনস্বার্থ মামলাও (PIL) দায়ের হয়েছিল। বিচার প্রক্রিয়া চলাকালীন সেন্ট্রাল গভরমেন্ট, সিবিএফসি এবং নির্মাতাদের কাছে আদালত জবাব তলব করে নোটিশ জারি করে। আদালতের কোনো চূড়ান্ত রায় আসার আগেই নির্মাতারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ছবিটির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মূলত আইএমএ-র আপত্তি এবং উদ্বেগ নিরসন করাই এখন নির্মাতাদের প্রধান লক্ষ্য। বিতর্ক পুরোপুরি মিটে গেলে তবেই বড় পর্দায় আলো ফুটবে ‘সূর্য’ ছবির।