পুণ্যার্থীদের জন্য বিরাট সুখবর! এবার ট্রেনে চেপেই সরাসরি নেপালের জনকপুর থেকে পৌঁছে যান অযোধ্যায়

ভারত ও নেপালের মধ্যে রেল যোগাযোগ আরও সুদৃঢ় করতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল ভারতীয় রেল। নেপালের জনকপুর ধাম থেকে উত্তরপ্রদেশের অযোধ্যা ক্যান্টনমেন্ট পর্যন্ত নতুন সাপ্তাহিক ট্রেন পরিষেবা চালুর অনুমোদন দেওয়া হয়েছে। এই নতুন রেলপথ চালু হলে দুই প্রতিবেশী দেশের মধ্যে ধর্মীয়, সাংস্কৃতিক এবং পর্যটন ক্ষেত্রের যোগাযোগ ব্যবস্থা যে আরও অনেকটাই সহজ ও মসৃণ হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
পৌরাণিক মহাকাব্য রামায়ণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পবিত্র তীর্থস্থানকে সরাসরি রেলপথে যুক্ত করবে এই বিশেষ ট্রেন। নেপালের জনকপুর ধামকে দেবী সীতার জন্মস্থান হিসেবে মানা হয়। অন্যদিকে, উত্তরপ্রদেশের অযোধ্যা প্রভু শ্রীরামের জন্মভূমি হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। ফলে এই সরাসরি রেল পরিষেবা চালু হলে রামায়ণ সার্কিটের ধর্মীয় পর্যটনে এক নতুন দিগন্ত খুলে যাবে এবং দুই দেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী উপকৃত হবেন।
রেল সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬০৪ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে ট্রেনটি নেপালের জনকপুর ধাম থেকে অযোধ্যা ক্যান্টনমেন্ট পর্যন্ত যাতায়াত করবে। যাত্রাপথে বিহার ও উত্তরপ্রদেশের একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনে এই ট্রেনের বাণিজ্যিক স্টপেজ রাখা হয়েছে। নির্ধারিত স্টপেজগুলির মধ্যে রয়েছে— জয়নগর, মধুবনী, শিশো, সীতামঢ়ী, রক্সৌল, নরকটিয়াগঞ্জ, গোরক্ষপুর, বস্তি, মনকাপুর এবং অযোধ্যা ধাম। সপ্তাহে একদিন করে এই পরিষেবা মিলবে। সময়সূচি অনুযায়ী, ট্রেনটি প্রতি শনিবার নেপালের জনকপুর ধাম থেকে ছাড়বে এবং ফিরতি পথে প্রতি সোমবার অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে যাত্রা শুরু করবে।
ভারত ও নেপালের মধ্যে দীর্ঘদিনের যে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং সামাজিক সুসম্পর্ক রয়েছে, এই নতুন রেল পরিষেবা তা আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রাম ও সীতার স্মৃতিবিজড়িত দুই পীঠস্থানকে এক সুতোয় বাঁধার এই উদ্যোগ দুই দেশের মৈত্রী ও পর্যটন শিল্পের বিকাশে এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।