এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা! সামান্য ভুলেই মুহূর্তে ফাঁকা হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট

বর্তমান সময়ে দৈনন্দিন লেনদেনে ডিজিটাল পেমেন্টের ব্যবহার হু হু করে বাড়ছে। কিন্তু এর পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে সাইবার অপরাধীদের দৌরাত্ম্যও। ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সহজ শিকড় বানাতে প্রতারকরা নিত্যনতুন অভিনব পদ্ধতি অবলম্বন করছে। এই ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতে দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান এসবিআই কার্ড (SBI Card) তাদের কোটি কোটি গ্রাহকদের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে।

প্রতারকদের নতুন ও বিপজ্জনক ফন্দি

এসবিআই কার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার অপরাধীরা বিভিন্ন লোভনীয় ও ভুয়া অফারের মাধ্যমে গ্রাহকদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। এর মধ্যে প্রধানত রয়েছে—

  • ভুয়া রিফান্ড ও ক্যাশব্যাকের প্রলোভন: গ্রাহকদের নানা অজুহাতে টাকা ফেরত দেওয়ার মিথ্যা বার্তা পাঠানো হচ্ছে।

  • রিওয়ার্ড পয়েন্ট রিডিম করার ফাঁদ: জমানো রিওয়ার্ড পয়েন্ট ক্যাশ করার লোভ দেখিয়ে ব্যক্তিগত তথ্য হাতানোর চেষ্টা চলছে।

  • কার্ড আপগ্রেড ও ক্রেডিট লিমিট বৃদ্ধি: দ্রুত ক্রেডিট লিমিট বাড়িয়ে দেওয়া বা বন্ধ হয়ে যাওয়া কার্ড পুনরায় চালু করার নামে চলছে প্রতারণা।

  • ব্যাংক কর্মকর্তা সেজে জালিয়াতি: প্রতারকরা নিজেদের ব্যাংকের রেজিস্টার্ড কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের বিশ্বাস অর্জন করে এবং গোপন তথ্য হাতিয়ে নেয়।

ডিজিটাল বৃদ্ধির সাথে বাড়ছে ঝুঁকি

বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে ডিজিটাল লেনদেনের পরিধি আরও বহুগুণ বৃদ্ধি পাবে। পরিসংখ্যান অনুযায়ী, ২০৩০ অর্থবর্ষের মধ্যে ভারতে ডিজিটাল লেনদেন ৬১৭ বিলিয়নে এবং কার্ড ব্যবহারের পরিমাণ ২১০ মিলিয়নে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে। আর এই বিশাল পরিধিকে কাজে লাগিয়েই জালিয়াতরা সাধারণ মানুষকে সর্বস্বান্ত করার সুযোগ খুঁজছে।

নিজেকে সুরক্ষিত রাখতে এসবিআই কার্ডের পরামর্শ:

গ্রাহকদের সুরক্ষার কথা মাথায় রেখে কিছু স্পষ্ট ও কড়া নির্দেশিকা দিয়েছে এসবিআই কার্ড। সেগুলি হলো— ১. অজানা লিঙ্কে ক্লিক নয়: হোয়াটসঅ্যাপ, এসএমএস বা ইমেইলের মাধ্যমে আসা কোনো সন্দেহজনক বা অজানা লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না।

২. গোপন তথ্য সুরক্ষায় জোর: কোনো অবস্থাতেই ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, ওটিপি (OTP), সিভিভি (CVV), বা পিন নম্বর অন্য কারও সাথে শেয়ার করবেন না। ব্যাংক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান কখনোই ফোন বা মেসেজ করে গ্রাহকদের কাছে এই গোপনীয় তথ্য জানতে চায় না।

৩. সচেতনতাই প্রধান অস্ত্র: কোনো অফার বা রিফান্ড মেসেজ পেলে সঙ্গে সঙ্গে সংস্থার অফিশিয়াল অ্যাপ বা কাস্টমার কেয়ার নম্বরে যোগাযোগ করে সত্যতা যাচাই করে নিন।