রাতের গোপন ফোনালাপের কথা ফাঁস করে দেব! মদন মিত্রকে কোন চরম হুমকি দিলেন কুণাল ঘোষ?

রাজ্যের শাসক শিবিরের অন্দরে দুই হেভিওয়েট নেতা কামারহাটির বিধায়ক মদন মিত্র ও কুণাল ঘোষের পারস্পরিক বাকযুদ্ধ এখন তুঙ্গে। সাম্প্রতিক মন্তব্য-পাল্টামন্তব্যের আবহে রবিবার ফের একবার মদন মিত্রকে তীব্র আক্রমণ শানালেন কুণাল ঘোষ। রাজনৈতিক মতপার্থক্যের গণ্ডি ছাড়িয়ে এই দ্বন্দ্ব এবার ব্যক্তিগত আক্রমণ ও গোপন ফোনালাপের প্রসঙ্গ পর্যন্ত গড়াল।

মদন মিত্রকে বেনজির তোপ কুণালের

এদিন মদন মিত্রের সাম্প্রতিক বিভিন্ন মন্তব্য ও অবস্থানের তীব্র পাল্টা জবাব দিয়ে কুণাল ঘোষ বলেন, “এখনও দিনে মদন দা কোনও স্টেটমেন্ট করলে রাতে আমায় ফোন করেন। ইডি ডাকায় আপনি ‘ওদিকে’ গিয়েছেন।” এর পরেই মদন মিত্রকে একহাত নিয়ে এক কড়া হুঁশিয়ারি দেন তিনি।

কুণাল স্পষ্ট ভাষায় জানান, রাজনৈতিকভাবে তাঁর সঙ্গে যে কোনও বিষয়ে মতপার্থক্য থাকতে পারে এবং তিনি রাজনৈতিক উত্তর দিতেও প্রস্তুত। কিন্তু ব্যক্তিগত স্তরে আঘাত করা হলে তিনি আর চুপ থাকবেন না। কুণালের সবচেয়ে বিস্ফোরক দাবি, মদন মিত্র নাকি তাঁকে রাতের বেলায় ফোন করে বলেন, “মমতাকে বলে দিও আমি বাধ্য হয়ে আছি।” ব্যক্তিগত আক্রমণ চললে এই সমস্ত গোপন ফোনালাপের সত্যতা ও কথপোকথনের বিবরণ সর্বসমক্ষে এনে দেওয়ারও চরম হুমকি দিয়েছেন কুণাল ঘোষ। শাসক শিবিরের দুই পরিচিত মুখের এই প্রকাশ্য কোন্দল ঘিরে এখন রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র জল্পনা।