মহিলা নন, নিজেকে ‘নন-বাইনারি’ বলে পরিচয় দিলেন নেহা বোরা! কোন সর্বনাম ব্যবহার করেন প্রতিবাদের চেনা মুখ?

দেশের যুব আন্দোলনের অন্যতম পরিচিত মুখ তথা এআইএসএ (AISA) নেত্রী নেহা বোরা এবার নিজের লিঙ্গ পরিচয় নিয়ে রাখঢাক না রেখে মুখ খুললেন। এনইইট (NEET) প্রশ্নফাঁসের বিরুদ্ধে সোচ্চার হওয়া থেকে শুরু করে সোনম ওয়াংচুকের সঙ্গে অনশন এবং সম্প্রতি দিল্লিতে জ্ঞানেশ কুমার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে যিনি খবরের শিরোনামে উঠে এসেছেন, সেই নেহা সম্প্রতি এক পডকাস্ট সাক্ষাৎকারে তাঁর ব্যক্তিগত জীবন ও পরিচয়ের এক অজানা দিক প্রকাশ্যে এনেছেন।

কী বললেন নেহা?

‘পিক টিভি’ (Peek TV)-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নেহা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তিনি নিজেকে প্রথাগতভাবে কেবল ‘মহিলা’ হিসেবে পরিচয় দেন না। তাঁর প্রকৃত পরিচয় হলো তিনি একজন ‘নন-বাইনারি’ (Non-binary)।

সাক্ষাৎকারে নেহা জানান, সমাজের একটি বড় অংশ তাঁর এই লিঙ্গ পরিচয় সম্পর্কে এখনও পুরোপুরি সচেতন নয়। সেই কারণেই তাঁর নামের পাশে অনেক সময় ‘She’ বা সর্বনাম হিসেবে ‘ছাত্রনেত্রী’ কিংবা ‘সভানেত্রী’ শব্দগুলো ব্যবহার করা হয়। কিন্তু ব্যক্তিগতভাবে তিনি ‘They/Them’ সর্বনাম ব্যবহার করতেই পছন্দ করেন।

সমাজ ও রাজনীতির দৃষ্টিভঙ্গি

এই পরিচয়ের বদল বা সমাজকে তা বোঝানোর প্রক্রিয়াটি নিয়ে খোলামেলা আলোচনা করেছেন নেহা। তিনি জানান, ‘‘এটা হতেই থাকে এবং আমি বিষয়টা মেনেও নিয়েছি। এটা বুঝতে সকলের একটু সময় লাগবে। অনেক সময় একই কথোপকথনের মধ্যেই কেউ প্রথমে ‘She’ বলে ফেলেন, তারপরেই তা সংশোধন করে ‘They’ বলেন। আমি এই সমস্যাটা বুঝি।’’

পাশাপাশি, এই ইস্যুকে এক বৃহত্তর রাজনৈতিক আলোচনার সঙ্গেও তুলনা করেছেন নেহা। তাঁর মতে, সমাজ বা মানুষের মানসিকতার এই পরিবর্তনকে খাটো করে না দেখে, এটিও দেশের অন্যান্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক বা সামাজিক দাবির মতোই সমান তাৎপর্যপূর্ণ।