অমিতাভ বচ্চনকে হত্যার ছক! সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু খুনে ধৃত দুই শার্প শ্যুটার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

জনপ্রিয় এলজিবিটিকিউ+ ইনফ্লুয়েন্সার তথা মেকআপ আর্টিস্ট ম্যাড সান্ধু (মধুসূদন সিং) হত্যা মামলার তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এল। গত ৩ অক্টোবর পঞ্জাবের অমৃতসরে তাঁকে ঠান্ডা মাথায় খুন করার পর থেকেই পলাতক ছিল মূল অভিযুক্তরা। সম্প্রতি দীর্ঘ তল্লাশির পর দিল্লি পুলিশের স্পেশাল সেল এই মামলার সঙ্গে জড়িত দুই শার্প শ্যুটারকে গ্রেপ্তার করেছে। আর এরপরই পুলিশি জেরায় যে তথ্য বেরিয়ে এসেছে, তাতে রীতিমতো শিউরে ওঠার জোগাড়। তদন্তকারীদের দাবি, ধৃতদের পরবর্তী বড় টার্গেট ছিলেন খোদ মেগাস্টার অমিতাভ বচ্চন!
পুলিশ সূত্রে জানা গেছে, অমৃতসরে ম্যাড সান্ধুকে গুলি করে খুন করার পর থেকেই ওই শ্যুটাররা দেশের বিভিন্ন প্রান্তে গা ঢাকা দিয়েছিল। দিল্লি পুলিশের স্পেশাল সেল সূত্রে খবর, পুলিশ যদি সময়মতো এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার না করত, তবে তারা আরও বেশ কয়েকটি রক্তক্ষয়ী কান্ড ঘাতানোর পরিকল্পনা করেছিল। শুধু এক স্থানীয় ব্যবসায়ীকেই টার্গেট করা নয়, একেবারে বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চনকে আক্রমণের ছক কষেছিল এই গ্যাংস্টাররা। বিদেশে বসে থাকা এক কুখ্যাত গ্যাংস্টারের নির্দেশেই এই সমস্ত পরিকল্পনা হচ্ছিল বলে জানা গেছে।
পুলিশের স্পেশাল সেল (এনডিআর)-এর ডিসিপি নারা চৈতন্য জানিয়েছেন, এসিপি বিবেক ত্যাগীর নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করে এই অপারেশান চালানো হয়। প্রথমে পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা বিকাশ ঠাকুর ওরফে ভিকিকে দিল্লি থেকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে এক বিদেশি গ্যাংস্টারের নির্দেশে দিল্লির এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে টাকা আদায় করতে এবং তাঁর ওপর গুলি চালাতে রাজধানীতে এসেছিল। এই সংক্রান্তে স্পেশাল সেল থানায় অস্ত্র আইনে একটি পৃথক মামলাও রুজু করা হয়েছে।
বিকাশ ঠাকুরকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই অন্য শ্যুটারকে মুম্বই থেকে পাকড়াও করে পুলিশ। বর্তমানে ধৃতদের জেরা করে এই আন্তর্জাতিক অপরাধ চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানার চেষ্টা চলছে। পুলিশ সময়মতো পদক্ষেপ না করলে এই চক্রটি বলিউড ও দেশের বিশিষ্ট মহলে আরও বড় ধরনের নাশকতামূলক ঘটনা ঘটাতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে।