দিল্লির শোরুমের ট্রায়াল রুমে লোমহর্ষক খুন! তরুণীর গলা কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য।

রাজধানী দিল্লির মতি নগর এলাকায় শনিবার সন্ধ্যায় এক মর্মান্তিক ও লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। একটি কাপড়ের শোরুমের ট্রায়াল রুমের ভেতর থেকে ১৮ বছর বয়সি এক তরুণীর গলা কাটা রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। নিহত তরুণীর নাম শবনম। তিনি পশ্চিম দিল্লিতে পরিবারের সঙ্গে থাকতেন এবং মতি নগর মেট্রো স্টেশনের কাছে একটি শোরুমে কর্মরত ছিলেন।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন বা একতরফা প্রেমের জেরে এই জঘন্য কাণ্ড ঘটানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি শবনমের পূর্বপরিচিত ছিল বলে জানা গেছে। শনিবার সন্ধ্যায় শোরুমের কাজ শেষ হওয়ার ঠিক আগে অভিযুক্ত সেখানে আসে। এরপর সে শবনমকে জোর করে ট্রায়াল রুমের ভেতরে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে পালিয়ে যায়।
ঘটনার সূত্রপাত হয় যখন ওই তরুণীর মালিক এক প্রতিবেশী মহিলাকে ফোন করে জানান যে শবনমকে দোকানে দেখা যাচ্ছে না এবং দোকানটি খোলা অবস্থায় পড়ে রয়েছে। এরপর স্থানীয়রা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বুঝতে পারেন যে এক যুবককে বেরিয়ে যেতে দেখা গেলেও শবনম দোকান থেকে বের হননি। এরপর দোকানের ভেতরে গিয়ে তারা দেখতে পান পেছনের ট্রায়াল রুমের মেঝেতে পড়ে রয়েছে রক্ত এবং দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে বাইরে আসছে। সঙ্গে সঙ্গে পুলিশ ও মৃতার পরিবারকে খবর দেওয়া হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।