ওএনজিসি-র বড় ধাক্কা বেদান্তকে! হাতছাড়া হল ক্যাম্বে অফশোর ব্লক, বড় ক্ষতির মুখে অনিল আগরওয়ালের কোম্পানি?

সরকারি তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন (ONGC) অবশেষে বেদান্ত লিমিটেডের কাছ থেকে কাম্বে অফশোর ব্লক (CB-OS-02)-এর সম্পূর্ণ পরিচালনা নিজেদের হাতে তুলে নিয়েছে। গত ২২ জুলাই ২০২৬ থেকে এই পরিবর্তন কার্যকর হয়েছে। এর ফলে অনিল আগরওয়ালের নেতৃত্বাধীন সংস্থা বেদান্তের জন্য এটি একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

দিল্লি হাইকোর্টের একক বেঞ্চ বেদান্তের করা আবেদন খারিজ করে দেওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। একক বেঞ্চের রায়ের বিরুদ্ধে পরবর্তীতে বেদান্ত ডিভিশন বেঞ্চে আপিল করে। তবে আইনি লড়াইয়ের মাঝেই ওএনজিসি এই অফশোর ব্লকের নিয়ন্ত্রণ নিজেদের কবজায় নিয়ে নেয়।

এই প্রশাসনিক ও আইনি পরিবর্তনের জেরে আর্থিক দিক থেকেও বড় ক্ষতির মুখে পড়েছে বেদান্ত। কোম্পানি সূত্রে জানা গেছে, ওই ব্লক সংক্রান্ত বিভিন্ন সম্পত্তি এবং বকেয়া পাওনার ওপর প্রায় ৩৭৯ কোটি টাকার ইমপেয়ারমেন্ট চার্জ (মূল্য হ্রাসজনিত চার্জ) নথিভুক্ত করেছে সংস্থাটি। বাজার বিশ্লেষকদের মতে, তেল ও গ্যাস উত্তোলনের এই গুরুত্বপূর্ণ ক্ষেত্র হাতছাড়া হওয়ায় বেদান্তের ব্যবসায় দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে।