মার্কিন মুলুকে ফের বড় বিমান দুর্ঘটনা! ট্যাক্সিং করার সময় কোপা ও ইউপিএস বিমানের মারাত্মক ধাক্কা

আমেরিকার মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে গেল এক রোমহর্ষক দুর্ঘটনা। শনিবার রাতে বিমানবন্দরের টারম্যাক এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় দুটি বড় বিমানের। ঠিক একদিন আগেই টেকনিক্যাল ত্রুটির কারণে সমগ্র আমেরিকায় বিমান চলাচল স্তব্ধ হয়ে যাওয়ায় লাখ লাখ যাত্রী যখন চরম ভোগান্তির শিকার, ঠিক তখনই এই দুর্ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
কীভাবে ঘটল এই সংঘর্ষ?
ঘটনাটি ঘটে শনিবার রাত প্রায় ৯টা ১৫ মিনিটে বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে। জানা গেছে, পানামা সিটি থেকে আগত কোপা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমান টার্মিনালের দিকে এগোচ্ছিল। সেই সময়ই তার উইংটিপ (ডানার অগ্রভাগ) সজোরে ধাক্কা মারে ইউপিএস-এর একটি বোয়িং ৭৬৭ কার্গো বিমানের সামনের অংশে। দুর্ঘটনার সময় কোপার ওই বিমানে ১৬৬ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য উপস্থিত ছিলেন। কোপা এয়ারলাইন্সের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, এই আকস্মিক ধাক্কায় বিমানে থাকা দু’জন যাত্রী সামান্য আহত হয়েছেন। বিমানটি নিরাপদে টার্মিনালে পৌঁছানোর পর আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকি যাত্রী ও ক্রুরা সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন এবং তারা তদন্তকারী সংস্থাকে সবরকম সহযোগিতা করছেন।
“কেউ আমাদের ধাক্কা মেরেছে!”
দুর্ঘটনার পরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) একটি অডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। সেখানে কোপা এয়ারলাইন্সের পাইলটকে আতঙ্কিত কণ্ঠে বলতে শোনা যায়, “কেউ আমাদের সজোরে ধাক্কা মেরেছে!” অন্যদিকে, কলম্বিয়ার বোগোটার উদ্দেশে রওনা দেওয়ার জন্য ট্যাক্সি করা ইউপিএস বিমানের পাইলট স্বীকার করেন যে তাদের বিমানটি একটু বেশি এগিয়ে গিয়েছিল এবং ডানার ছোঁয়ায় এই সংঘর্ষ ঘটে। কোপার পাইলট পরে জানান যে তাদের বাঁ পাশের ডানার প্রান্ত ভেঙে গেছে।
ভয়ঙ্কর অভিজ্ঞতা যাত্রীদের মুখে
বিমানে থাকা এক যাত্রী সিজার ফরেরা জানান, ল্যান্ডিংয়ের পর স্বাভাবিক গতিতে এগোতেই হঠাৎ চারপাশের শব্দ বেড়ে যায় এবং বিকট শব্দের সঙ্গে তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। কেবিনের ভেতর বিমানটি একপাশে ঝুঁকে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ক্রুদের দ্রুত পদক্ষেপে বড় ধরণের বিপদ এড়ানো সম্ভব হয়।
যুক্তরাষ্ট্রের আকাশপথে পরপর বিপর্যয়
বিশেষজ্ঞদের মতে, এই দুর্ঘটনা এমন এক সময়ে ঘটল যখন মার্কিন বিমান পরিষেবা ২০০১ সালের সেপ্টেম্বরের হামলার পর দীর্ঘতম দেশব্যাপী অচলাবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। শুক্রবার রাউটার সংক্রান্ত বড়সড় ত্রুটির কারণে প্রায় ২০ হাজার ফ্লাইট ব্যাহত হয়েছিল। এফএএ (FAA) জানিয়েছে, রবিবারের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।