চোখের পলকে শেষ চার প্রাণ! পঞ্জাবে তীর্থযাত্রীদের বাসে মর্মান্তিক দুর্ঘটনা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর

পঞ্জাবের তারন তারন জেলায় ঘাতক এক পথ দুর্ঘটনায় কেড়ে নিল চার মহার্ঘ প্রাণ। উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তীর্থযাত্রীবাহী দু’টি বাসের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে এবং কমপক্ষে ১৮ থেকে ২২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। এই প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি।

স্থানীয় পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তীর্থযাত্রীদের বহনকারী বাসটি যখন নির্ধারিত পথে এগিয়ে চলেছে, ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে হঠাৎ একটি মোটরসাইকেল চলে আসে। সেই বাইক আরোহীকে রক্ষা করতে গিয়েই বাসের চালক গাড়িটি আকস্মিক অন্য দিকে ঘুরিয়ে নেন। আর ঠিক সেই মুহূর্তেই অন্যদিক থেকে আসা আরও একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

তারন তারনের পুলিশ সুপার সুরেন্দ্র লাম্বা সংবাদমাধ্যমকে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ বাহিনী ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক উদ্ধারকাজের পর জানা যায়, এই দুর্ঘটনায় মোট ২২ জন আহত হয়েছিলেন, যার মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজন তীর্থযাত্রী এবং একজন মোটরবাইকে থাকা মহিলা। আহতদের মধ্যে পাঁচজনের শারীরিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে অমৃতসরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি ১৩ জন স্থানীয় হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের মধ্যে আটজনের আঘাত সামান্য হলেও অন্যদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা চলছে।

এই ভয়াবহ দুর্ঘটনার পর নড়েচড়ে বসেছে রাজ্য প্রশাসন। পরিস্থিতি মোকাবিলা এবং সমন্বয় সাধনের জন্য স্থানীয় প্রশাসন, পুলিশ এবং বিশিষ্ট জনপ্রতিনিধিরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপি এই ঘটনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন। আহতরা যাতে দ্রুততম সময়ে সর্বোত্তম চিকিৎসা পরিষেবা পান, সে বিষয়েও কড়া নজর রাখা হচ্ছে।

এদিকে তারন তারনের ডেপুটি কমিশনার নির্মল ওসেপ্পাচান এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে জানান যে, রাজ্য সরকারের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারগুলিকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সরকারি ‘এক্স’ হ্যান্ডেলে শোকবার্তা প্রকাশ করে লিখেছেন, “পঞ্জাবের তারন তারনে এক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় আমি গভীর ভাবে শোকাহত। যাঁরা এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাই। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন।” এই ভয়াবহ দুর্ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।