সৌমিত্র চলে যাওয়ার ছ’বছর! মাঝরাতে অভিনেতার সেই ফোন কল আজও মিস করেন পরিচালক অতনু ঘোষ

সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘ময়ূরাক্ষী’র মতো কালজয়ী ছবিতে কাজ করার সুবাদে অভিনেতার সৃষ্টিশীলতার সঙ্গে নিবিড়ভাবে পরিচিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু ঘোষ। তবে পর্দার সামনের কিংবদন্তি সৌমিত্রকে ছাপিয়ে পরিচালককে বারবার নাড়া দেয় তাঁর পর্দার বাইরের এক অনন্য মানবিক ও উদার রূপ। অভিনেতার প্রয়াণের ছ’বছর পূর্তিতে এক আবেগঘন খোলা চিঠিতে সেই অজানা অধ্যায়ই তুলে ধরেছেন অতনু ঘোষ।
২০২০ সালের ১৫ নভেম্বর প্রাতঃভ্রমণে বেরিয়ে সৌমিত্র-কন্যা পৌলোমীর বার্তার মাধ্যমে কিংবদন্তি অভিনেতার প্রয়াণের সংবাদ পান পরিচালক। সেই মুহূর্তটিকে স্মরণ করে তিনি লিখেছেন, সেদিন যেন সকালের সমস্ত আলো এক নিমেষে নিভে গিয়েছিল। তবে সৌমিত্রের প্রজ্ঞা, রসবোধ বা জীবনদর্শনের পাশাপাশি অতনুকে সবচেয়ে বেশি টানে অভিনেতার নতুন ও অপ্রচলিত ভাবনার প্রতি সীমাহীন উৎসাহ। প্রচলিত ছক ভেঙে কোনো ঝুঁকিপূর্ণ বা ভিন্ন ধারার চিন্তাভাবনা নিয়ে কেউ তাঁর কাছে গেলে সৌমিত্র শুধু তা শুনতেনই না, বরং তাতে বাড়তি উৎসাহ জোগাতেন। এমনকি কয়েকদিন পর হঠাৎ গভীর রাতে ফোন করে জানতে চাইতেন, “সেই ভাবনা নিয়ে কতটা এগোলে? কাজটা কিন্তু এগিয়ে নিয়ে যেতেই হবে!”
যদিও সেই উৎসাহে জন্ম নেওয়া বহু আইডিয়া শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপ পায়নি, নোটবুকের পাতায় বা কয়েকটি অনুচ্ছেদেই সীমাবদ্ধ থেকে গেছে, তবুও একজন প্রতিষ্ঠিত অভিনেতা হয়ে অন্যের সৃষ্টিশীলতাকে এহেন গুরুত্ব দেওয়ার মানসিকতা অত্যন্ত বিরল। অতনুর মতে, সৌমিত্রকে হারানোর এই শূন্যতা কেবল একজন অসামান্য শিল্পীকে হারানোর নয়, বরং এমন একজন অভিভাবককে হারানোর, যাঁর একটি কথাই নতুন পথ দেখানোর সাহস জোগাত। চিঠির শেষে মাত্র কয়েকটি শব্দে নিজের গভীর শূন্যতা প্রকাশ করে অতনু লিখেছেন—‘মিস ইউ, স্যার। ডিপলি।’