গঙ্গাসাগরে যেতে আর লাগবে না ঘণ্টার পর ঘণ্টা! পুণ্যার্থীদের জন্য বড় চমক রাজ্য সরকারের

আসন্ন গঙ্গাসাগর মেলায় পুণ্যার্থীদের যাতায়াতের ভোগান্তি কমাতে ঐতিহাসিক পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। ভিড়ের মধ্যে দীর্ঘক্ষণ অপেক্ষা কিংবা জলপথে নদী পারাপারের ঝক্কি এড়িয়ে এবার সাধারণ পুণ্যার্থীরাও সরাসরি হেলিকপ্টারে চেপে সাগরদ্বীপে পৌঁছতে পারবেন। শনিবার গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আসন্ন মেলায় সাধারণ যাত্রীদের যাতায়াতের জন্য ৮ থেকে ১০টি হেলিকপ্টার ভাড়া নেওয়া হবে। সবথেকে বড় সুবিধা হলো, এর জন্য পুরো হেলিকপ্টার ভাড়া নেওয়ার কোনো প্রয়োজন নেই; পুণ্যার্থীরা আসন অনুযায়ী আলাদাভাবে টিকিট কাটতে পারবেন। ফলে একা বা পরিবারের কয়েকজন সদস্য মিলেও অনায়াসেই আকাশপথে গঙ্গাসাগর ভ্রমণ করতে পারবেন। মূলত সকালে কলকাতা থেকে গঙ্গাসাগরে গিয়ে পুণ্যস্নান ও পুজো সেরে দিনের দিনই ফিরে আসার সুযোগ তৈরি করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে টিকিটের মূল্য এবং অগ্রিম বুকিংয়ের নিয়মাবলি খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, এতদিন গঙ্গাসাগর মেলায় হেলিকপ্টার কেবল প্রশাসনিক আধিকারিকদের যাতায়াত এবং জরুরি রোগী পরিবহণের কাজেই ব্যবহৃত হতো। এবারই প্রথম সাধারণ ভক্তদের জন্য আকাশপথের দরজা খুলে দেওয়া হচ্ছে। পাশাপাশি, মেলায় বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে জলপথেও আমূল পরিবর্তন আনা হচ্ছে। মুড়িগঙ্গা নদী পারাপারের জন্য সাধারণত ৪ থেকে ৫টি বার্জ চালানো হলেও, এবার সেই সংখ্যা বাড়িয়ে ১৫ থেকে ২০টি করার পরিকল্পনা নিয়েছে প্রশাসন। এছাড়া নদীর নাব্যতা বজায় রাখতে ড্রেজিংয়ের পর তৈরি হওয়া চ্যানেলটি যাতে দীর্ঘস্থায়ী হয়, সেদিকেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

পুণ্যার্থীদের থাকার সমস্যা মেটাতে মেলা প্রাঙ্গণের বাইরে প্রায় ৩৮ একর জমি চিহ্নিত করা হয়েছে, যা দ্রুত বসবাসের উপযোগী করে তোলা হবে। লট নম্বর ৮-এ তৈরি করা হবে অতিরিক্ত যাত্রীশেড। নিরাপত্তার কথা ভেবে এবার অস্থায়ী হোগলা পাতার ছাউনির বদলে উন্নত মানের তাঁবু তৈরির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এছাড়া ডায়মন্ড হারবার থেকে কাকদ্বীপ পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়কে আলোর ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রুখতে পুলিশকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন, এবারের গঙ্গাসাগর মেলাকে কুম্ভমেলার আদলে আরও বৃহৎ ও সুশৃঙ্খলভাবে তুলে ধরাই সরকারের মূল লক্ষ্য।