‘মন্ত্রী হলেই সব বলার অধিকার জন্মায় না’, শঙ্কর ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্টে তোলপাড় রাজ্য রাজনীতি!

সোশ্যাল মিডিয়ায় পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের একটি ইঙ্গিতপূর্ণ পোস্টকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র জল্পনা শুরু হয়েছে। শনিবার রাতে করা ওই পোস্টে তিনি নাম না করেই কড়া বার্তা দিয়েছেন। আর এই বিতর্কের মাঝেই এবার মুখ খুললেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শুধু মুখ খোলাই নয়, সতীর্থ শঙ্কর ঘোষের বক্তব্যকে সম্পূর্ণ সমর্থন জানিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন তিনি।
শনিবার রাতে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিশেষ গ্রাফিক কার্ড পোস্ট করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। ছবিটির একদিকে তাঁর নিজের ছবি এবং অন্যদিকে লেখা রয়েছে, “মন্ত্রী হলেই সবকিছু বলবার অধিকার জন্মায় না এবং জ্ঞানও জন্মায় না।” পোস্টের ক্যাপশনেও ঠিক একই কথা লিখেছেন তিনি। তবে কাকে উদ্দেশ্য করে বা কোন ঘটনার প্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেছেন, তা স্পষ্ট করেননি শঙ্কর। তাঁর এই রহস্যময় ও ইঙ্গিতপূর্ণ পোস্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। কাকে নিশানা করলেন মন্ত্রী, তা নিয়ে চলছে নানা জল্পনা।
এরপরই এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। শঙ্কর ঘোষের বক্তব্যকে সমর্থন জানিয়ে তিনি বলেন, সমাজের প্রতিটি নাগরিকেরই নিজস্ব কিছু দায়িত্ব থাকে, আর একজন মন্ত্রীর ক্ষেত্রে সেই দায়িত্ব অনেকগুণ বেশি। কারণ সাধারণ মানুষ মন্ত্রীদের অনুসরণ করেন। সেখানে মন্ত্রী নিজেই যদি নিয়ম বা সীমা লঙ্ঘন করেন, তবে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক।
দিলীপ ঘোষের কথায়, “শুধু মন্ত্রী নন, প্রত্যেকেরই নিজস্ব সীমার মধ্যে থাকা উচিত। সমাজের প্রতি প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে। এমন কোনো মন্তব্য করা উচিত নয়, যা অন্যকে আঘাত করে বা দেশের রীতিনীতি ও সংবিধানের পরম্পরার পরিপন্থী। সাধারণ মানুষ মন্ত্রীদের দিকে তাকিয়ে থাকেন। তাই একজন মন্ত্রীকেই আগে সংবিধানের আদর্শ মেনে চলতে হবে, নইলে বাকিরা তো প্রশ্ন তুলবেই।” দুই মন্ত্রীর এমন মন্তব্য ঘিরে বর্তমানে সরগরম রাজ্য রাজনীতি।