ভারতের হৃদয়ে ৪ দিনের দুর্দান্ত ট্রিপ! উজ্জয়িন থেকে ইন্দোর ঘুরে দেখার সেরা গাইড রইল আপনার জন্য

মধ্যপ্রদেশকে অনেক সময় ভারতের হৃদয় বলা হয়। পাহাড়, ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং সবুজ প্রকৃতির এক অপূর্ব মিশ্রণ রয়েছে এই রাজ্যে। এখানকার বৈচিত্র্যময় খাবার, বিশেষ করে ইন্দোরি পোহা এবং জিলাপি পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। আপনি যদি মধ্যপ্রদেশে চার দিনের ছুটি কাটানোর পরিকল্পনা করে থাকেন, তবে এই চমৎকার গন্তব্যগুলি আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখা উচিত।

ভারতীয় পর্যটন মন্ত্রকের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ প্রচারাভিযানের অধীনে একটি বিশেষ চার দিনের ভ্রমণ পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই রুটের মধ্যে রয়েছে উজ্জয়িন, মহেশ্বর, মান্ডু এবং ইন্দোর, যেখানে পর্যটকরা একসঙ্গে প্রাচীন মন্দির, রাজকীয় প্রাসাদ এবং সুস্বাদু রাস্তার খাবারের স্বাদ নিতে পারবেন।

উজ্জয়িন: মন্দিরের শহর ভ্রমণের প্রথম দিনটি শুরু হয় ক্ষিপ্রা নদীর তীরে অবস্থিত উজ্জয়িনী দিয়ে। এটিকে মূলত মন্দিরের শহর বলা হয়, কারণ এখানে ১০০টিরও বেশি প্রাচীন মন্দির ও তীর্থস্থান রয়েছে। প্রতি ১২ বছর অন্তর এখানে বিখ্যাত কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়, যা বিশ্বের অন্যতম বৃহত্তম আধ্যাত্মিক সমাবেশ। ইনক্রেডিবল ইন্ডিয়ার নির্দেশিকা অনুযায়ী, আপনি ভগবান শিবের অবতার কাল ভৈরবের প্রতি উৎসর্গীকৃত ঐতিহাসিক কাল ভৈরব মন্দির দিয়ে আপনার সফর শুরু করতে পারেন। এই শহরের প্রতিটি কোণায় জড়িয়ে রয়েছে প্রাচীন ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্য।

মহেশ্বর এবং মান্ডু: ইতিহাস ও সংস্কৃতির মেলবন্ধন উজ্জয়িনের পর আপনার পরবর্তী গন্তব্য হতে পারে ঐতিহাসিক মহেশ্বর ও মান্ডু। এখানকার রাজকীয় প্রাসাদ, দুর্গ এবং শিল্পকলা পর্যটকদের মুগ্ধ করে। নর্মদা নদীর তীরে অবস্থিত মহেশ্বর তার সুদৃশ্য শাড়ি এবং প্রাচীন ঘাটগুলির জন্য বিশ্বজুড়ে পরিচিত। অন্যদিকে, মান্ডুর প্রাচীন স্থাপত্য এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্য আপনার ট্রিপকে আরও বেশি স্মরণীয় করে তুলবে।

ইন্দোর: সুস্বাদু খাবারের স্বর্গরাজ্য চার দিনের এই ভ্রমণের শেষ পর্যায়ে রয়েছে পরিচ্ছন্নতার জন্য দেশজুড়ে খ্যাত শহর ইন্দোর। এখানকার বিখ্যাত খাবার চাখবেন না, তা হতেই পারে না। সকালের নাস্তায় গরম গরম জিলাপি এবং ইন্দোরি পোহা আপনার মন জয় করে নেবে। এছাড়া এখানকার বিভিন্ন স্ট্রিট ফুড মার্কেটের খাবার ভ্রমণপিপাসুদের এক অন্য মাত্রার অভিজ্ঞতা দেয়।

আপনি যদি কম সময়ে মধ্যপ্রদেশের সেরা জায়গাগুলি ঘুরে দেখতে চান, তবে এই চার দিনের রুট প্ল্যানটি আপনার পরবর্তী ছুটির জন্য একদম উপযুক্ত।