“ভারতের ওপর ঝুলছে বিপদের কালো মেঘ! এল নিনো মোকাবিলায় সর্বোচ্চ জরুরি অবস্থা ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার”

বিশ্বজুড়ে আবহাওয়ার আমূল পরিবর্তনের জেরে ফের বড়সড় স্বাস্থ্যসংকটের আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি এতটাই গুরুতর যে এল নিনো (El Niño) মোকাবিলায় সর্বোচ্চ স্তরের জরুরি প্রস্তুতি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও (WHO)। সংস্থার গ্রেড ৩ পর্যায়ের এই সতর্কতা তাদের সবচেয়ে কড়া জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা। সম্প্রতি প্রকাশিত নতুন পরিকল্পনায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেরে বিশ্বের একাধিক দেশের মতো বড় বিপদের মুখে পড়তে চলেছে ভারতও।
কেন এল নিনো নিয়ে এত উদ্বেগ?
প্রশান্ত মহাসাগরের মধ্য ও পূর্ব অংশের জলের তাপমাত্রা ক্রমাগত বেড়ে যাওয়ার প্রাকৃতিক ঘটনাই হলো এল নিনো। এর জেরে বিশ্বের বিভিন্ন অঞ্চলের বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত এবং তাপমাত্রার ধরন সম্পূর্ণ বদলে যায়। কোথাও দেখা দেয় তীব্র খরা, আবার কোথাও নামে অতিবৃষ্টি বা বন্যা।
ডব্লিউএইচও-র সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৭ সালের মধ্যে ভারতের মতো দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ অংশে স্বাভাবিকের তুলনায় বেশি তাপমাত্রা এবং কম বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আর এর ফলে শুধু তাপপ্রবাহ বা জলের সংকটই নয়, ডেঙ্গি থেকে শুরু করে অপুষ্টি এবং চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে।
ভারতে কোন কোন রোগের বড় ঝুঁকি?
বিশেষজ্ঞদের মতে, তাপমাত্রা এবং বৃষ্টির ধরন আচমকা বদলে গেলে মশার বংশবিস্তার দ্রুত বৃদ্ধি পায়। হু-র মূল্যায়নে স্পষ্ট বলা হয়েছে যে, ভারতে বিশেষ করে ডেঙ্গি এবং লেপ্টোস্পাইরোসিসের ঝুঁকি অত্যন্ত বেশি। জলসংকটের সময় মানুষ যখন বাড়িতে জল জমিয়ে রাখতে বাধ্য হন, তখন সেই পাত্রগুলিই মশার আঁতুড়ঘর হয়ে ওঠে। এছাড়া উত্তর-পূর্ব ভারতের কিছু অংশে ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পাশাপাশি, অতিরিক্ত গরমে জলশূন্যতা, হিটস্ট্রোক এবং হৃদ্যন্ত্র, ফুসফুস ও কিডনির জটিল সমস্যাগুলো মারাত্মক রূপ নিতে পারে। অন্যদিকে, কম বৃষ্টির কারণে কৃষি উৎপাদন ব্যাহত হলে তা সরাসরি খাদ্যসংকট ও অপুষ্টির ঝুঁকি বাড়িয়ে দেবে।
কাদের জন্য বিপদ বেশি ও কী করণীয়?
শিশু, অন্তঃসত্ত্বা মহিলা, প্রবীণ এবং দীর্ঘদিনের অসুখে ভোগা ব্যক্তিরা এই আবহাওয়া পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি বিপদের মুখে রয়েছেন। পাশাপাশি, কৃষিশ্রমিক, নির্মাণকর্মী ও যাঁরা রোদে বা রাস্তায় কাজ করেন, তাঁরাও সরাসরি তাপপ্রবাহের শিকার হতে পারেন।
এই পরিস্থিতি মোকাবিলায় হু কয়েকটি সুনির্দিষ্ট পরামর্শ দিয়েছে। এর মধ্যে রয়েছে আগাম রোগ শনাক্তকরণ, আবহাওয়ার পূর্বাভাসের সঙ্গে স্বাস্থ্য নজরদারির সঠিক সমন্বয় এবং হাসপাতালের প্রস্তুতি জোরদার করা। একই সঙ্গে নিরাপদ পানীয় জল সরবরাহ, মশা নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে।